দর্শনা ও পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই শুরু
পঞ্চগড় ও দর্শনা চিনিকলে গত শুক্রবার বিকেল থেকে চলতি ২০১২-১৩ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। খবর আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো।চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার (বিএসএফআইসি) অর্থ পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন শুক্রবার বিকেলে দর্শনা চিনিকল খ্যাত চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নতুন মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন করেন।জানা গেছে, এই চিনিকলে চলতি মৌসুমে ৭৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ২৫ ভাগ। আর এ বছরে আখের মূল্য ধরা হয়েছে মণপ্রতি ১০০ টাকা। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়-১ আসনের সাংসদ ও বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সভাপতি মো. মজাহারুল হক প্রধান পঞ্চগড় চিনিকলের ৪৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। পঞ্চগড় চিনিকলে নতুন মৌসুমের মাড়াই শুরু হয়েছে গত বছরে উৎপাদিত তিন হাজার ২২৯ মেট্রিক টন বা ১৬ কোটি টাকার চিনি অবিক্রীত রেখে। এটি গত বছর লোকসান দিয়েছে প্রায় ১৬ কোটি টাকা।চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক ১৯৬৯ সালে চালু হওয়া এই চিনিকলটি এ পর্যন্ত ৯৮ কোটি টাকা লোকসান দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।