দর্শনায় স্থলবন্দর হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। এ বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। চারদিকে অপার সম্ভাবনা দেখছি, এ সম্ভাবনাকে পর্যায়ক্রমে কাজে লাগানো হবে।’

 গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় জেলা পরিষদ মিলনায়তনে ‘দর্শনা শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এ ঘোষণা দেন। যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট দর্শনায় এ মতবিনিময় সভার আয়োজন করে।

 প্রধান অতিথি বলেন, ‘৬৪ জেলায় বিশেষ উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ হিসেবে প্রথম দর্শনায় এসেছি। দর্শনা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যে দাবি উঠেছে, তার সঙ্গে আমি একমত। এ বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ, প্রতিবেদন দাখিলসহ যা যা করার সব করব। কাল (আজ বৃহস্পতিবার) বেনাপোলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হবে। তাঁদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে।’

ভ্যাট আইনের বাস্তবায়ন পিছিয়ে যাওয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পক্ষ থেকে রাজস্ব ঘাটতি ৫৫ হাজার কোটি টাকা হওয়ার যে আশঙ্কা করা হয়েছে, এনবিআর চেয়ারম্যান সেটিকে নেতিবাচক প্রচারণা বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে উঠেছে। মানুষ উৎসবমুখর পরিবেশে কর পরিশোধ করছে।

যশোর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. জামাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি) লুৎফর রহমান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান, চুয়াডাঙ্গা চেম্বার সভাপতি ইয়াকুব হোসেন মালিক এবং দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান।

মতবিনিময় সভা চলাকালে দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন দেওয়া হয়। তাতে রেলওয়ের ওয়াগনের পাশাপাশি সড়কপথে ট্রাকযোগে দর্শনা-গেদে সীমান্ত পথে পণ্য আমদানি-রপ্তানির মাধ্যমে শুল্ক স্টেশন দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দরের কার্যক্রম চালুর দাবি জানানো হয়। লিখিত পত্রে উল্লেখ করা হয়, বর্তমানে ভারত থেকে রেলপথে দর্শনা শুল্ক স্টেশনের মাধ্যমে প্রায় সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানির অনুমোদন আছে। ট্রেনযোগে ৪২টি ওয়াগনের নিচে পণ্য আমদানি করা যায় না।

মতবিনিময় সভা শেষে এনবিআর চেয়ারম্যানসহ প্রতিনিধিদল দর্শনা শুল্ক স্টেশনসহ সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে এবং বন্দর স্থাপনের বিষয়ে ইতিবাচক মন্তব্য করে। ওই সময় ভারতীয় কাস্টমসের একটি প্রতিনিধিদল সীমান্তের শূন্যরেখায় এনবিআর চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।