দশ প্রকল্পের অনুমোদন একনেকে

৯ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় ধরে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
পরে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেকে অনুমোদিত প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
আজ একনেকে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পটি ব্যয় এবং মেয়াদ বাড়িয়ে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির খরচ বাড়িয়ে ৮ হাজার ১০ কোটি টাকা করা হয়েছে। মূল প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১৯৭ কোটি টাকা। ২০২০ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে প্রকল্পটির।
এ ছাড়া একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৩৪৬ কোটি টাকার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শক্তিশালীকরণ; ২৭১ কোটি টাকার যশোরে বিএএফ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ; ৯৮ কোটি টাকার ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ; ২৭১ কোটি টাকার বিজিবি সদর দপ্তরে অফিসার ও অন্যান্য পদধারী ও কর্মচারীদের ভবন নির্মাণ; ১১৩ কোটি টাকার গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা বাজার সড়কের ছাতকে সুরমা নদীর ওপর সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ; ১২৫ কোটি টাকার জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ; ৬০ কোটি টাকার দেশের তিনটি উপকূলীয় জেলার চারটি স্থানে আনুষঙ্গিক সুবিধাদিসহ মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন; ৫৫ কোটি টাকার আড়িয়াল খাঁ নদের ভাঙন থেকে হাজী শরীয়তউল্লাহ সেতুসংলগ্ন ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা জাতীয় মহাসড়ক রক্ষা এবং ৯৫ কোটি টাকার রাজৈর-কোটালীপাড়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প।