দশদিন পর ঊর্ধ্বমুখী সূচক
টানা দশদিন নিম্নমুখী প্রবণতার পর আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই প্রায় সব কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন গতকালের চেয়ে সামান্য বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৯১ পয়েন্টে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ১১ পয়েন্ট বেড়ে যায়। তবে পরের ১৫ মিনিটে সূচক কমেছিল ১৮ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়তে শুরু করে। লেনদেনের শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩১টিরই দাম বেড়েছে। কমেছে ২৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৩ কোটি টাকার, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, বিএসসিসিএল, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল, পদ্মা অয়েল ও মালেক স্পিনিং প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৫ পয়েন্ট বেড়ে ১৩১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে। কমেছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।