নারী বিনিয়োগকারীদের জন্য ডিএসইর কর্মশালা
দাতা সংস্থার বদলে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের আহ্বান
বিশ্বের অনেক দেশেই পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে অবকাঠামোসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নের কাজ করা হচ্ছে। বাংলাদেশ সরকারও পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে দেশের ব্যাপক উন্নয়ন করতে পারে। এ জন্য বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে যাওয়ার দরকার নেই।গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে নারী বিনিয়োগকারীদের জন্য আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় এ অভিমত ব্যক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান।নারী উদ্যোক্তাদের জন্য দ্বিতীয়বারের মতো আয়োজিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে ডিএসইর পরিচালক লাইলুন নাহার ইকরাম, সদস্য হোসনে আরা বেগম, খুজিস্তা-নুর-এ নাহরীন উপস্থিত ছিলেন।রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারে শিক্ষিত সচেতন বিনিয়োগকারীর সংখ্যা যত বৃদ্ধি পাবে, বাজার তত বেশি স্থিতিশীল হবে। অনেক বিনিয়োগকারী আছেন, যাঁরা না বুঝেই হুজুগে বা গুজবে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হন, যা বিনিয়োগকারীসহ পুঁজিবাজারের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।রকিবুর রহমান পুরুষের পাশাপাশি নারী বিনিয়োগকারীর অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগের ক্ষেত্রে মহিলা বিনিয়োগকারীদের লোভ অনেক কম। তাদের অংশগ্রহণ পুঁজিবাজারে এক সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে।ডিএসইর সভাপতি আরও বলেন, বর্তমানে পুঁজিবাজার যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বিস্তৃতি লাভ করেছে, বৃদ্ধি পেয়েছে বিনিয়োগকারীর সংখ্যাও। এ অবস্থায় অবকাঠামোগত উন্নয়নে বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবির কাছ থেকে ঋণ গ্রহণ না করে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা যেতে পারে। এতে ঋণদাতা সংস্থাগুলোর ওপর নির্ভরশীলতা কমবে। সরকারের হাতে থাকা হোটেল-মোটেল, টেলিযোগাযোগ খাতসহ বিভিন্ন লাভজনক কোম্পানির শেয়ার ছেড়ে এ অর্থ সংগ্রহ করা সম্ভব।বিনিয়োগকারীদের উদ্দেশে রকিবুর রহমান বলেন, পুঁজিবাজার আবেগের স্থান নয়। এখানে বিনিয়োগের ক্ষেত্রে হিসাব-নিকাশ করে কোম্পানির মৌল ভিত্তি দেখে বিনিয়োগ করতে হয়। কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে হলে নিজের বিচার-বুদ্ধি ও বিশ্লেষণী ক্ষমতাকে কাজে লাগাতে হবে। কোনোভাবেই হুজুগে বা গুজবে বিনিয়োগ করা উচিত নয়।কর্মশালায় মহিলা বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রকিবুর রহমান। পরে ডিএসইর মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার আসাদউল্লাহ ও প্রশিক্ষণ একাডেমির উপমহাব্যবস্থাপক সৈয়দ আল-আমীন রহমান নারী বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের কারিগরি দিক সম্পর্কে আলোকপাত করেন।