দাতাদের চোখে তিন চ্যালেঞ্জ

বাংলাদেশের অর্থনীতিতে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো হলো জ্বালানি-সংকট, অবকাঠামো দুর্বলতা এবং প্রতিযোগিতা-সক্ষমতার অভাব। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জগুলোর কথা এভাবেই বললেন অন্যতম উন্নয়ন-সহযোগী বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা। তাঁর মতে, পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থানের যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো অর্জন বেশ কঠিন হবে।
গতকাল রোববার থেকে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) দুই দিনব্যাপী সভা শুরু হয়েছে। প্রথম দিনে সামষ্টিক অর্থনীতি-বিষয়ক প্রধান অধিবেশনে এই দাতা সংস্থার প্রতিনিধি এ কথা বলেন। একই অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যসমূহকে ‘উচ্চাভিলাষী’ হিসেবে স্বীকার করে নিয়েছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। অধিবেশনের শুরুতেই তিনি সামষ্টিক অর্থনীতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
সামষ্টিক অর্থনীতির লক্ষ্যসমূহ দাতাদের সামনে তুলে মূল প্রবন্ধে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করা হবে। এ সময়ের মধ্যে নতুন করে ১ কোটি ২৯ লাখ লোকের কর্মসংস্থান হবে। আর দারিদ্র্যের হার ১৮ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২ থেকে ২৭ শতাংশে উন্নীত করা হবে।
অর্থমন্ত্রী বলেন, মধ্যমেয়াদি পরিকল্পনায় যেসব লক্ষ্য রয়েছে, সেগুলো বেশ উচ্চাভিলাষী। এ জন্য দক্ষতার ওপর জোর দিতে হবে। দক্ষতার ওপর জোর না দিলে এসব লক্ষ্য অর্জন বেশ কষ্টসাধ্য হবে। গ্রাম এলাকায় অকৃষি খাতের কর্মকাণ্ডকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যাতে কর্মসংস্থান হবে।
অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়েই প্রবৃদ্ধি অর্জন করার দিকে সরকার বেশি মনোযোগী বলে তিনি জানান। তাঁর মতে, শিল্পায়নের বড় বাধা হলো জমির প্রাপ্যতা। তবে সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করছে। এতে বিদেশি বিনিয়োগ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থমন্ত্রীর মতে, অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ আহরণ বৃদ্ধিতে কর ব্যবস্থার সংস্কার করতে হবে। বর্তমানে মাত্র ১১ লাখ ব্যক্তি কর দেন। এটা দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে।
সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছে, বিশ্বব্যাংকের মার্টিন রামার মতে, এগুলো অর্জন বেশ ‘কঠিন’ হবে। তিনি বলেন, সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো, জিডিপির অনুপাতে বিনিয়োগ ৩৪ শতাংশে উন্নীত করা। এ জন্য শ্রমঘন শিল্প বিনিয়োগ লাগবে। এসব করা না গেলে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হবে। তাঁর মতে, বাজেটের আকার যে হারে বাড়ছে, তা বাস্তবায়নে দক্ষতা সে গতিতে বাড়ছে না।
প্রশ্নোত্তর পর্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আর্টিকেল ফোর মিশনের প্রধান রডরিগো কুবেরা কর-জিডিপি অনুপাত বৃদ্ধির তাগিদ দেন। এর কারণ হিসেবে তিনি মত দেন, ভবিষ্যতে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারকে বেশি অর্থের জোগান দিতে হবে। নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন শিগগিরই বাস্তবায়ন শুরুর পরামর্শ দেন তিনি।
এ অধিবেশনে আর্থিক খাতের সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও এক দশক ধরে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। এ প্রবৃদ্ধি বাড়াতে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। এগুলো হলো সবুজ অর্থায়ন এবং অভ্যন্তরীণ চাহিদাভিত্তিক প্রবৃদ্ধি অর্জন।
প্রায় ছয় বছর পর বিডিএফ সভা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভার উদ্বোধন করেন। প্রথম দিনে মোট চারটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। আজ বিডিএফ সভার শেষ দিনে তিনটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অধিবেশনের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে ইআরডি ও দাতাদের পক্ষ থেকে যৌথ ঘোষণা দেওয়া হতে পারে।