পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়ার ওপর জাতীয় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। সংলাপের পর এ খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর দাতা সংস্থার সঙ্গে আলোচনা করা হবে। গতকাল সোমবার বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অ্যালেন গোল্ডস্টেইনের সঙ্গে বৈঠককালে পরিকল্পনামন্ত্রী এ কথা জানান। পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পরিকল্পনা বিভাগের সচিব মনজুর হোসেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ জুংহান জু উপস্থিত ছিলেন।বৈঠকে সুশাসন, ক্রয়-প্রক্রিয়া, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ, বৈদেশিক সাহায্যের ব্যবহার, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, পরিপ্রেক্ষিত পরিকল্পনা, আদমশুমারি ও গৃহগণনা-২০১১ বিষয়ে আলোচনা করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়েছে।বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশে বিদেশি বিনিয়োগে আরও গতিশীলতা আনার জন্য বাংলাদেশ সরকার ও দাতা সংস্থাকে আরও অগ্রগামী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। অ্যালেন গোল্ডস্টেইন বলেন, দাতা সংস্থার মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জাপান সাহায্য সংস্থা জাইকা বাংলাদেশে মোট বৈদেশিক সাহায্যের ৮০ শতাংশ প্রদান করে থাকে। তিনি প্রণীতব্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়ে দাতা সংস্থার সঙ্গে পরামর্শ সভা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করার আগ্রহ প্রকাশ করলে পরিকল্পনামন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন।