
বাংলাদেশকে দেওয়া দাতাদের ঋণের সুদ ও সেবা মাশুল বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘২০২১ সালের আগে আমরা মধ্যম আয়ের দেশ হব না। মধ্যম আয়ের দেশ হওয়ার পর এ ক্ষেত্রে এখন যেসব সুবিধা ভোগ করছি, তা কমবে।’
অর্থমন্ত্রী বলেন, ইতিমধ্যে সুদের হার বৃদ্ধির জন্য বেশ কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ নোটিশ দিয়েছে। তারা বলছে, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
ইস্তান্বুল অ্যাকশন প্ল্যানের অগ্রগতির খসড়া নিয়ে গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তাঁর মতে, বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী জাপান এ ধরনের ভ্রান্ত ধারণা তৈরি করেছে। সম্প্রতি জাপান তাদের ঋণের বিপরীতে সুদ বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাদের বলে দিয়েছি, সুদ বাড়িয়ে দেওয়ার মতো অবস্থানে আমরা এখনো যাইনি।’
ঢাকায় শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ইআরডির সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অর্থমন্ত্রী বলেন, মাথাপিছু আয়ের হিসাবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ ঘোষণা করেছে। কিন্তু জাতিসংঘের সংজ্ঞা অনুসারে বাংলাদেশ এখনো মধ্যম আয়ের দেশ হয়নি।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশসহ বেশ কিছু দেশ মধ্যম আয়ের দেশ কি না, সে জন্য ২০১৮ সালে জাতিসংঘ সভা করবে। তখন সিদ্ধান্ত হবে, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য যোগ্য কি না। এর তিন বছর পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ‘সুতরাং ২০২১ সালের আগে আমরা মধ্যম আয়ের দেশ হচ্ছি না’ বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন।
উল্লেখ্য, জাতিসংঘ তার সদস্য দেশগুলোকে তিন ভাগে বিভক্ত করেছে। এগুলো হলো স্বল্পোন্নত (এলডিসি), উন্নয়নশীল ও উন্নত দেশ। সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক ও সামাজিক সূচকগুলো বিবেচনা করে জাতিসংঘ এই হিসাব করে থাকে। সেখানে অবশ্য মধ্যম আয়ের দেশ বলতে কোনো ক্যাটাগরি বা শ্রেণি নেই। বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে নিম্ন, নিম্ন মধ্যম, উচ্চ মধ্যম ও উচ্চ আয়ের দেশ হিসাব করে। বাংলাদেশকে চলতি বছরে বিশ্বব্যাংক ‘নিম্ন মধ্যম আয়ের দেশ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে বিশ্বব্যাংক। এটা অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর।
তোফায়েল বলেন, রপ্তানি বাজার বাড়ানোর পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। যুক্তরাষ্ট্রসহ অনেক উন্নত দেশে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা পাওয়া গেছে। ব্রাজিল এবং তুরস্কেও এ সুযোগ পাওয়ার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে ইআরডির অতিরিক্ত সচিব আলকামা সিদ্দিকী বলেন, ‘জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিতে (সিডিপি) স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য যে তিনটি বিষয় বিবেচনা করা হয়। এর মধ্যে দুটি পূরণের পথে রয়েছি আমরা। এ দুটি হলো মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার সক্ষমতা। তবে মাথাপিছু আয়ের লক্ষ্যটি পূরণ করা যাচ্ছে না।’
মূল প্রবন্ধে তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ খাতের জন্য বৈদেশিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ রয়েছে। দেশের অভ্যন্তরীণ নৌপথ পুরোপুরি ব্যবহার করা সম্ভব হচ্ছে না এবং এ ক্ষেত্রে দেশের নদীগুলো যথেষ্ট পরিমাণ খনন ও নৌ-স্টেশন করতে না পারার ব্যর্থতা রয়েছে। এ ছাড়া কৃষি, পল্লী উন্নয়নের ক্ষেত্রে এখনো বাজার ব্যবস্থাপনায় যথেষ্ট সমস্যা আছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা প্রমুখ।