আজ রোববার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের খসড়ার ওপর উন্নয়ন-সহযোগীদের তথা দাতাদের সামনে তুলে ধরা হবে। দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা এই দলিলের ওপর মত দেবেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এই পরামর্শক সভার আয়োজন করেছে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। এতে সভাপতিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান প্রমুখ। খসড়া দলিলের প্রাক্কলন অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নে ১৩ লাখ ৩২ হাজার ৬৭০ কোটি টাকা প্রয়োজন পড়বে। এর মধ্যে দাতারা দেবে ৯৬ হাজার ৫২০ কোটি টাকা। পরিকল্পনার মেয়াদকাল ২০১০-১১ থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত। ইতিমধ্যে খসড়া দলিলের ওপর খাতভিত্তিক ১০টি জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। খসড়া অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছর নাগাদ মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হবে। আর মূল্যস্ফীতির হার ৬ শতাংশে নেমে আসবে। এ ছাড়া রক্ষণশীল হিসেবে ২০১৪-১৫ অর্থবছর নাগাদ দারিদ্র্যসীমার নিচে বসবাস করবে ৩০ দশমিক ৮ শতাংশ জনগোষ্ঠী। অর্থাৎ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নকালে ৮ থেকে ১০ শতাংশ দারিদ্র্য কমে আসবে। নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়ায় সরকারি ও বেসরকারি বিনিয়োগ জিডিপির ৩২ দশমিক ১ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে. যা বর্তমানে ২৪ দশমিক ২ শতাংশ। এ ছাড়া এই রূপরেখায় জিডিপিতে কৃষি, শিল্প ও সেবা খাতের অবদান প্রাক্কলন করা হয়েছে যথাক্রমে ১৬ শতাংশ, ৩০ শতাংশ ও ৫৪ শতাংশ। রূপরেখায় রপ্তানি খাতে বছরে গড় প্রবৃদ্ধি ৪০০ কোটি ডলার বা ২৫ শতাংশ বাড়িয়ে আগামী ২০১৫ সাল নাগাদ তিন হাজার ৬৩০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা প্রক্ষেপণ করা হয়েছে।আর রেমিট্যান্স বা প্রবাস-আয়ের প্রবাহও বর্তমানের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি ধরা হয়েছে। সে অনুযায়ী ২০১৫ সালে রেমিট্যান্স-প্রবাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ২৭০ কোটি ডলার।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন-সহযোগীদের তাগিদে তৈরি করা দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) পরিবর্তে পুনরায় পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, মধ্যমেয়াদি উন্নয়ন ধারণা নিয়ে ১৯৭৩ সালের জুলাই মাসে দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এরপর আরও চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০০২ সালে শেষ হয়েছে। এরপর বিএনপি জোট সরকার দাতাদের পরামর্শে তিন বছর মেয়াদি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণয়ন করে।