দাতাদের সামনে জাতীয় শুদ্ধাচার কৌশল উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাতাগোষ্ঠীর স্থানীয় প্রতিনিধিদের সামনে জাতীয় শুদ্ধাচার কৌশল উপস্থাপন করা হয়েছে। এতে মূলত ব্যক্তিপর্যায়ে কর্তব্যপরায়ণতা ও সততাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর প্রতিষ্ঠান পর্যায়ে সামগ্রিক লক্ষ্য অর্জনকেই জাতীয় শুদ্ধাচার কৌশলে রাখা হয়েছে। এই কৌশলের মূল লক্ষ্য হলো, রাষ্ট্রের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করা। গতকাল রোববার স্থানীয় পরামর্শক গোষ্ঠীর (এলসিজি) সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া এই কৌশলপত্র উপস্থাপন করেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলককক্ষে এই প্ল্যানেরি সভা অনুষ্ঠিত হয়। এলসিজি হলো বাংলাদেশে কার্যরত ৪২টি দাতাদেশ, সংস্থা, জাতিসংঘের অঙ্গসংগঠনসমূহের সমন্বয়ে গঠিত ফোরাম। এতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি কো-চেয়ারের দায়িত্ব পালন করে। দাতাদের পক্ষ থেকে এবার কো-চেয়ারের দায়িত্ব পালন করছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকার। অপর কো-চেয়ার হিসেবে ইআরডির সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। গতকালের বৈঠকে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, এই কৌশল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুদ্ধাচার পরামর্শক কাউন্সিল গঠিত হবে। আর অর্থমন্ত্রীর নেতৃত্বে নির্বাহী কমিটিও থাকবে। প্রতিটি মন্ত্রণালয়ে নৈতিকতা শাখা খোলা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের পুরো বিষয়টি সমন্বয়ের জন্য একটি ইউনিট থাকবে। এ ছাড়া বৈঠকে কয়েক মাস ধরে চলমান কার্যদলের বৈঠকের ফলাফল পর্যালোচনা করা হয়। দাতাদেশ ও সংস্থার প্রতিনিধির সঙ্গে যৌথভাবে খাদ্য, জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে ১৮টি কার্যদল কাজ করছে। বৈঠক শেষে ইআরডির সচিব আবুল কালাম আজাদ বলেন, এটি চলতি বছরের প্রথম সভা। এতে সরকারের কর্মসূচি ও লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। পদ্মা সেতু প্রসঙ্গে তিনি জানান, এই ধরনের ফোরামে সাধারণত দ্বিপক্ষীয় বিষয়াদি আলোচনা হয় না। তবে প্রকল্পটির অন্য অর্থায়নকারীদের সঙ্গে বৈঠক ডাকা হবে। আর অর্থমন্ত্রী আগামী দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মতামত প্রকাশ করবেন।