দাতারা ৩৪৫ কোটি ডলার দিয়েছে গত অর্থবছরে
বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে ৩৪৪ কোটি ৯৯ লাখ ডলারের বিদেশি সহায়তা এসেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে তিন কোটি ডলার বেশি। আর আগের অর্থবছরের (২০১৪-১৫) চেয়ে ৪০ কোটি ডলার বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সাময়িকভাবে এই হিসাব চূড়ান্ত করেছে। কোনো একক অর্থবছরের হিসাবে এটাই সর্বোচ্চ অর্থছাড়।
গত অর্থবছরে দাতারা ৬৯৯ কোটি ৭৯ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ঋণ ৬৫০ কোটি ডলার ও অনুদান সাড়ে ৪৯ কোটি ডলার।
ইআরডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে (২০১৫-১৬) দাতারা ঋণ হিসেবে ২৯০ কোটি ৩৬ লাখ ডলার এবং অনুদান হিসেবে ৫৪ কোটি ৬২ লাখ ডলার দিয়েছে। আগের অর্থবছরে (২০১৪-১৫) দাতারা ঋণ ও অনুদান মিলিয়ে ৩০৪ কোটি ৩০ লাখ ডলার দিয়েছিল। ওই বছর ছাড়কৃত অর্থের মধ্যে ঋণ সহায়তা ছিল ২৪৭ কোটি ২২ লাখ ডলার আর অনুদান ছিল ৫৭ কোটি ৮০ লাখ ডলার।
জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, বিদায়ী অর্থবছরে বিদেশি সহায়তা পাওয়ার লক্ষ্য অর্জন করলেও সাম্প্রতিক সময়ের সন্ত্রাসী ঘটনার কারণে চলতি অর্থবছরে অর্থছাড় শ্লথ হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘জাপানিরা তো এখন কাজই করতে পারছে না। তারা কাজ করতে না পারলে স্বাভাবিকভাবে অর্থছাড় (জাপানের) কমে যাবে। দ্বিপাক্ষিকভিত্তিতে যেসব দেশের কাছ থেকে অর্থ পাওয়া যায়, সেখানেই বেশি প্রভাব পড়বে। তবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো বহুপক্ষীয় সংস্থার অর্থছাড়ে খুব বেশি প্রভাব পড়বে না।’
ইআরডির তথ্যমতে, গত অর্থবছরে দাতাদের দায় (আসল ও সুদ) পরিশোধ করতে হয়েছে ১০৪ কোটি ৪৪ লাখ ডলার। এর মধ্যে আসল হিসেবে ৮৪ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। আর ২০ কোটি ২০ লাখ ডলার দেওয়া হয়েছে সুদ বাবদ। সেই হিসাবে গত অর্থবছরে বাংলাদেশ প্রকৃত অর্থে বিদেশি সহায়তা পেয়েছে ২৪০ কোটি ৫৫ লাখ ডলার। যদিও সরকার বিদেশি দাতাদের সুদাসলের হিসাব আলাদাভাবে করে থাকে। এ জন্য বাজেটে বিদেশি সুদাসল পরিশোধের জন্য পৃথক বরাদ্দ থাকে।
সদ্য বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি আদায় ও অর্থছাড় পরিস্থিতি নিয়ে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠি দিয়েছেন ইআরডিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। চিঠিতে ইআরডিসচিব জানান, স্বাধীনতার পর এটিই সর্বোচ্চ পরিমাণ প্রতিশ্রুতি। এ ছাড়া বিদায়ী অর্থবছরে অর্থছাড়ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে।
ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন, বিদায়ী অর্থবছরে ভারতের সঙ্গে দ্বিতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) ও রাশিয়ার সঙ্গে বড় অঙ্কের ঋণ সহায়তার চুক্তি হয়েছে। এতে প্রতিশ্রুতির পরিমাণ অন্য যেকোনো বছরের চেয়ে বেড়েছে। তাই প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যমাত্রাও অতিক্রম করা গেছে।
গত কয়েক বছরের বিদেশি সহায়তা প্রাপ্তির চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত ছয় অর্থবছরের ব্যবধানে বিদেশি সহায়তার অর্থছাড় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১০-১১ অর্থবছরে ১৭৭ কোটি ডলার দিয়েছিল দাতাদেশ ও সংস্থাগুলো। গত অর্থবছরে তা প্রায় দ্বিগুণ হয়ে ৩৫০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। এ ছাড়া ২০১১-১২ অর্থবছরে ছাড়ের পরিমাণ বেড়ে হয় ২১২ কোটি ডলার। এর পরের বছর তা আরও বেড়ে দাঁড়ায় ২৮১ কোটি ডলার। ২০১৩-১৪ অর্থবছরে ৩০৮ কোটি ৪০ লাখ ডলার বিদেশি সহায়তা এসেছিল।