দাবদাহে পুড়ছে চা-বাগানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খরা ও দাবদাহে পুড়ছে পঞ্চগড়ের চা-বাগানগুলো। ছবিটি তেঁতুলিয়ার টিটিসিএল থেকে তোলা ।  প্রথম আলো
খরা ও দাবদাহে পুড়ছে পঞ্চগড়ের চা-বাগানগুলো। ছবিটি তেঁতুলিয়ার টিটিসিএল থেকে তোলা । প্রথম আলো

টানা খরা ও দাবদাহে পুড়ছে পঞ্চগড়ের চা-বাগানগুলো। বৃষ্টি না হওয়ায় এবং তীব্র দাবদাহে চায়ের কুঁড়ি লালচে হয়ে উঠেছে। চায়ের পাতা ঝলসে গেছে। ছেঁটে দেওয়া চা-গাছের ডাল ও চারা গাছগুলো শুকিয়ে যাচ্ছে। ফলে দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়ে চায়ের উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। চা-পাতার অভাবে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
চা বোর্ড সূত্র জানায়, গত চার মাসে জেলায় কোনো বৃষ্টি হয়নি। টানা খরা ও তীব্র দাবদাহে জমির আর্দ্রতা হ্রাস পেয়ে মাটি পানিশূন্য হয়ে পড়ছে। ফলে নতুন রোপিত চারা যেমন মরছে, তেমনি পরিণত চা-গাছের পাতাও ঝলসে যাচ্ছে। অনাবৃষ্টিজনিত শুষ্কতা চা-গাছের নতুন কুঁড়ি ফোটা বন্ধ করে দেয়। এ জন্য সাধারণত ৩১ ডিসেম্বর চা মৌসুম শেষ হয়ে যায়। আর এ সময় চা-গাছের ডাল ছেঁটে দেওয়া হয়। স্বাভাবিক উৎপাদনের জন্য মার্চে শুরু হয় চায়ের কাঁচা পাতা আহরণ। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন। কিন্তু এপ্রিলেও বৃষ্টিপাত না হওয়ায় বাগানে শত শত চা-গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক চারা মরেও যাচ্ছে।
তেঁতুলিয়া ও পঞ্চগড় সদরের কয়েকটি চা-বাগান ঘুরে দেখা গেছে, প্রচণ্ড খরার কারণে চায়ের গাছগুলো ঝলসে গেছে। অনেক বাগানে পাতা তোলা বন্ধ হয়ে গেছে।
তেঁতুলিয়ার বুড়াবুড়ি এলাকার ডাহুক টি এস্টেটের ব্যবস্থাপক মো. ইয়াছিন আলী প্রথম আলোকে বলেন, টানা খরার কারণে বাগানে রেড স্পাইডারের আক্রমণ দেখা দিয়েছে। এ ছাড়া খরায় চারা গাছগুলো মরে যাচ্ছে। দিন-রাত সেচ দিয়েও ঠেকানো যাচ্ছে না। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক অফিসের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, জেলায় ৪০৩টি ক্ষুদ্র চা-বাগান, ১৬টি ক্ষুদ্রাকার বাগান ও ২৩টি এস্টেটে তিন হাজার ২০০ একর জমিতে চা চাষ করেছে। ২০০৫ সালে দুটি কারখানায় প্রথমবারের মতো ১৬১ দশমিক ২২ মেট্রিক টন চা উৎপাদিত হয়। গত বছর জেলায় ছয়টি কারখানায় চা উৎপাদিত হয়েছে ১৪ লাখ ৫৫ হাজার কেজি।