দাবি অনেক, প্রতিফলন কম!

চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে নিজেদের খাতসংশ্লিষ্ট নানা প্রস্তাব তুলে ধরেছিলেন বিভিন্ন খাতের উদ্যোক্তারা। শেষ পর্যন্ত বাজেটে এর কতটুকু প্রতিফলন ঘটল, কয়েকটি খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপ করে তা-ই জানার চেষ্টা করেছেন আবুল হাসনাত ও শুভংকর কর্মকার
ইউপি ইস্যুর দায়িত্ব পেল না বিজিএপিএমইএ
পোশাক খাতের বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং পোশাকসহ অন্য খাতের মোড়কপণ্য উৎপাদনে দেশ এখন স্বাবলম্বী। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানিও হচ্ছে। ২০১১-১২ অর্থবছরে এ খাতের রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩৭৫ কোটি ডলার।
রপ্তানি আরও ত্বরান্বিত করতে বাজেটে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুর দায়িত্ব হস্তান্তরসহ একগুচ্ছ দাবি জানিয়েছিল বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। অবশ্য ২০১১ সালে সমিতিকে ইউপি ইস্যুর দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড। গত বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে তা চালুও হয়েছিল, তবে তাকে আর স্থায়ী রূপ দেওয়া হয়নি।
বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম বলেন, ‘চলতি জুলাই থেকে ইউপি ইস্যুর দায়িত্ব আমাদের দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা কেন হলো না, তার কোনো ব্যাখ্যা পর্যন্ত দেওয়া হয়নি।’
রংশিল্পে শুল্ক কমেছে কাঁচামালের, বহাল সম্পূরক শুল্ক
গত ২০১২-১৩ অর্থবছরে হঠাৎ করেই দেশীয় রং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করা হয়। রংশিল্পের এটিই বড় মাথাব্যথা। সে কারণে বাজেটে তাদের প্রধান দাবিই ছিল এ শুল্ক প্রত্যাহার। কিন্তু সে দাবি উপেক্ষিত হয়েছে।
বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, এ শুল্ক বহাল থাকায় ক্রেতাদের কাছে কম দামে রং বিক্রি করা সম্ভব হয় না।
তবে এবারের বাজেটে রংশিল্পের মধ্যবর্তী কাঁচামালের শুল্ক ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর আওতায় বেশ কিছু কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানিতে এখন এ খাতের উদ্যোক্তাদের কম শুল্ক দিতে হবে। আবদুর রহমান বলেন, ‘এ সিদ্ধান্তে আমরা কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছি।’
খাঁটি সোনা আমদানির বৈধ পথ নেই
বিদেশ থেকে খাঁটি সোনা আমদানির সুযোগ না থাকায় চোরাইপথই এখনো স্বর্ণকারদের ভরসা। দেশের সোনার ব্যবসায়ীরা প্রতিবছরই শুল্ক দিয়ে সোনা আমদানির দাবি করলেও সরকার তাতে সাড়া দিচ্ছে না। এবারের বাজেটেও একই দাবি করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তবে বরাবরের মতোই তা বাস্তবায়িত হয়নি।
এ ছাড়া বাজুসের প্রস্তুত হীরার (ফিনিশড ডায়মন্ডের) শুল্ক ১৫১ শতাংশ থেকে ১০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার দাবির প্রতিফলন ঘটেনি বাজেটে।
বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, হীরার শুল্ক কমালে দেশে নতুন এই পণ্যের বাজার তৈরি হতো। একই সঙ্গে দেশের ব্যবসায়ীরা গয়না তৈরি করে রপ্তানিও করতে পারতেন। তিনি আরও বলেন, শুল্ক না কমিয়ে চোরাকারবারিকেই উৎসাহিত করা হলো। কারণ, এত শুল্ক দিয়ে কেউ হীরা আনবেন না।
রেশম খাতের শুল্ককর বাড়েওনি, কমেওনি
এবারের বাজেটে রেশম খাতের ব্যবসায়ীদের প্রস্তাবগুলোর অন্যতম ছিল রেশম সুতার উৎপাদনে রেশমচাষিদের উৎসাহী করতে বাজেটে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থবরাদ্দ বাড়ানো এবং হ্যান্ডস্পান সুতার (চরকা সুতা) কাঁচামাল রেশম গুটি ও গুটির ওয়েস্টেজ (টোপা) আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া। কিন্তু কোনো প্রস্তাবের প্রতিফলনই বাজেটে দেখা যায়নি।
বাংলাদেশ সিল্ক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আলাউদ্দিন আহমেদ বলেন, ‘এবারের বাজেটে আমরা কিছুই পেলাম না। তবে এবার কোনো ক্ষেত্রেই নতুন করে কর বাড়ানো হয়নি, আবার কমানো হয়নি। এতে এ খাতে এক ধরনের ধারাবাহিকতা বজায় থাকবে।’

আলাউদ্দিন আহমেদ বলেন, রেশম খাতের উন্নয়নে এখনই বাজেট বরাদ্দ প্রয়োজন। রেশম খাতকে অগ্রাধিকার ঘোষণা এবং কৃষিভিত্তিক খাতের সব সুবিধাও দেওয়া দরকার।
বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পের উদ্যোক্তারা বিপাকে
বৈদ্যুতিক তার থেকে শুরু করে ফ্যান, সুইচ, সকেট, মাল্টি কট, লাইট ফিটিংসসহ মানসম্পন্ন যন্ত্রাংশ এখন দেশেই তৈরি হচ্ছে। এসব পণ্য আমদানি করতে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। আবার এসব পণ্য উৎপাদনের প্রধান কাঁচামাল ‘ইউরিয়া রেজিনস’ আমদানিতেও একই হারে শুল্ক দিতে হয়। ফলে অসম প্রতিযোগিতায় বিপাকে পড়েছেন দেশীয় উদ্যোক্তারা।
সে কারণে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ) বাজেটে ইউরিয়া রেজিনসের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করাসহ একগুচ্ছ দাবিও জানিয়েছিল। কিন্তু বাজেটে এর একটিও বাস্তবায়িত হয়নি।

সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, কাঁচামাল আর আমদানি করা তৈরি পণ্যের শুল্ক এক হতে পারে না। গত ২৫ বছরে ইলেকট্রিক্যাল শিল্প খাত যে অবস্থান তৈরি হয়েছে, আজ তা রুগ্ণ হয়ে যেতে পারে।
হিমাগার খাতের একটি দাবিও পূরণ হয়নি
হিমাগারশিল্প খাতের বড় দাবি ছিল কৃষিভিত্তিক খাতের সব সুবিধা দেওয়া, হিমাগারশিল্পে ব্যবহূত বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় ও বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, দেশীয় হিমাগারগুলোর রুগ্ণতার কারণ উদ্ঘাটন করে আর্থিক সহায়তা দেওয়া।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের কোনো দাবিই মানা হয়নি। হিমাগার আগের চেয়ে এখন আরও বেশি রুগ্ণ হয়ে পড়েছে। এখন আমাদের হিমাগারই বন্ধ করে দিতে হবে।’
জসিম উদ্দিন বলেন, এবার যেকোনো পণ্যের তুলনায় আলুর দাম কম। কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনো যদি ভিজিডি, ভিজিএফ ও টিআরের মাধ্যমে যদি আলু দেওয়া হতো, তাহলেও এসব আলু শেষ হয়ে যেত। এখনো সরকার তা করতে পারে।

