দাবি আদায়ে সেরা কৃষক-গবেষকদের নিয়ে কমিটি গঠিত
কৃষকদের দাবি আদায়ের জন্য রাজশাহীতে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ কৃষক, সংগঠক ও কৃষি গবেষকদের নিয়ে ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।নগরের শ্যামপুর এলাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রে গত সোমবার বাংলাদেশ ফার্মারস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে শাহজাহান আলী বাদশাকে সভাপতি, আবদুল বাছিত সেলিমকে সাধারণ সম্পাদক ও সিদ্দিকুর রহমান ময়েজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সম্মেলনে দেশের ২০টি জেলার ৭২ জন শ্রেষ্ঠ কৃষক, ১০ জন কৃষি গবেষক, পাঁচজন কৃষিবিদ ও ১৫ জন কৃষক সংগঠক উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিদ্দিকুর রহমান ময়েজ, আবদুল বাছিত সেলিম, অধ্যাপক এম মনজুর হোসেন, আবদুল কাদের, আবদুল জলিল কিতাব, জাহিদুল ইসলাম, আবদুল বারী, আলী আজগর মর্তুজা, বিআই সিদ্দিকী, অধ্যাপক আবদুর রহিম, কৃষক সংগঠক আইয়ুব হোসেন ও বেলী বেগম। সম্মেলন থেকে সরকারের কাছে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবি জানানো হয়।