
দেশের রং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ২০১২-১৩ অর্থবছরের বাজেটের আগে দাবি জানিয়েছিল আরোপিত ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার। এটি ছিল তাদের প্রধান দাবি। রং উৎপাদক সমিতি একই দাবি করে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের সময়ও। আর আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সামনে রেখে আবারও সেই দাবি তুলে ধরেছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি বি বি সাহা রায় প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় রং প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকারের নীতিসহায়তা না পেলে এ খাতের উদ্যোক্তাদের টিকে থাকাই মুশকিল হবে।’ সে জন্যই সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তাঁরা।
দেশে আলু নিয়ে হাহাকার চলছে। এই আলু যাঁরা সংরক্ষণ করেন, সেই হিমাগারের মালিকদের সমিতি কয়েক বছর ধরে এ খাতের আয়কে করমুক্ত রাখা এবং বিদ্যুৎ বিলের ২০ শতাংশ রেয়াত ও বিদ্যুৎ বিলের ওপর থেকে ৫ শতাংশ মূসক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এবারও এটিই তাদের মূল দাবি।
সমিতির সভাপতি জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কৃষিভিত্তিক শিল্প হওয়ার পরও আমাদের দাবি কেন মানা হচ্ছে না তা বোধগম্য নয়। এদিকে সরকারের নজর নেই।’
এটি একটি-দুটি ব্যবসায়ী সংগঠনের চিত্র নয়, এমন অবস্থা আরও অনেক সংগঠনেই চলছে, যেগুলো বছরের পর বছর বাজেট সামনে রেখে একই দাবি জানিয়ে আসছে।কারণ তা পূরণ হচ্ছে না।
বাজেট প্রণয়নের আগে দু-তিন মাস বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক করে এনবিআর। ওই সব সভায় অনেক প্রস্তাবকেই বাস্তবায়নযোগ্য বলা হলেও শেষ পর্যন্ত এর বাস্তবায়ন হয় না। তাই ওই বৈঠকে অংশ নেওয়ার চেয়ে অনেক ব্যবসায়ী ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তাঁদের দাবি পূরণের চেষ্টা চালান।
কিন্তু ছোট ব্যবসায়ী সমিতিগুলোর পক্ষে তা করা সম্ভব হয় না। বছরের পর বছর ছোট ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি পূরণ না হওয়ার এটি একটি বড় কারণ বলে মনে করেন ব্যবসায়ীরা।
জানতে চাইলে এনবিআরের একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘অগ্রাধিকার বিবেচনা করে বাজেটকেন্দ্রিক প্রস্তাব ও দাবিগুলো বাস্তবায়ন করা হয়। এ জন্য হয়তো অনেক প্রস্তাবই বাস্তবায়ন করা সম্ভব হয় না।’
দেশে রঙিন ফটো স্টুডিওগুলোর কাছ থেকে ৪ দশমিক ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আদায় করে এনবিআর। এই মূসককে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে ২০১২-১৩ অর্থবছর থেকে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন। এবারও জানিয়েছে। কারণ, তাদের এই মূল দাবিটি এখনো পূরণ হয়নি।
দেশের বেশির ভাগ স্টুডিওরই কালার ল্যাব নেই। সে কারণে স্টুডিওগুলো কালার ল্যাব থেকে ছবি প্রিন্ট করিয়ে আনে। সে সময় কালার ল্যাবগুলো স্টুডিওর কাছ থেকে ৪ দশমিক ৫ শতাংশ মূসক কেটে রাখে। এনবিআর আবার স্টুডিওর কাছ থেকে একই হারে ভ্যাট আদায় করে। দুই দফা ভ্যাট দেওয়া কোনো খাতের জন্যই যুক্তিযুক্ত নয়।
সমিতির সাবেক সভাপতি আক্কাস মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ফটোগ্রাফি এখন রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। প্রতিবছরই উল্লেখযোগ্যসংখ্যক কালার ল্যাব ও স্টুডিও বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় এত অধিক হারে মূসক নেওয়া হলে এ খাতটি শেষ হয়ে যাবে। বিষয়টি আমরা এত দিন ধরে সরকারকে বোঝাতেই পারলাম না।’
গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যু করে শুল্ক কর্তৃপক্ষ। এতে রপ্তানিকারকেরা নানাভাবে হয়রানির শিকার হন। বহু দেনদরবারের পর ২০১১ সালে সংগঠনটিকে ইউপি ইস্যুর দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় এনবিআর। কিন্তু এখনো দায়িত্বটি হস্তান্তর করা হয়নি। ফলে গত দুই বছরের মতো এবারেও এটিই সংগঠনটির মূল দাবি।
এ মাসের শুরুতে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্যের প্রদর্শনী গ্যাপেক্সপোতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে পেয়ে এ দাবিটি তুলে ধরেন বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী। বাণিজ্যমন্ত্রীও দাবি পূরণের আশ্বাস দেন।
বৈদ্যুতিক তার থেকে শুরু করে ফ্যান, সুইচ, সকেট, লাইট ফিটিংস ইত্যাদি মানসম্পন্ন ইলেকট্রিক যন্ত্র ও যন্ত্রাংশ দেশেই তৈরি হচ্ছে। এসব পণ্য উৎপাদনের প্রধান কাঁচামাল ‘ইউরিয়া রেজিনস’ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। অন্যদিকে একই শুল্কে বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি সুইচ, সকেট, প্লাগসহ অন্যান্য ইলেকট্রিক পণ্যই আমদানি করা যায়। এতে অসম প্রতিযোগিতায় পড়ছেন দেশীয় উদ্যোক্তারা।
সে কারণেই ২০১২-১৩ অর্থবছরে বাজেটে এই ইউরিয়া রেজিনসের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেয় বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিইএমএমএ)। এনবিআর তা আমলে নেয়নি। পরের অর্থবছরের বাজেটের আগে একই প্রস্তাব দিয়েও কাজ হয়নি। তাই এবারেও একই প্রস্তাব সংগঠনটির।
সমিতির সাবেক সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ইউরিয়া রেজিনস এ খাতের মূল কাঁচামাল। আর কাঁচামালের শুল্ক হয় সর্বনিম্ন। এর শুল্ক কম হওয়া উচিত। এটা বহুবার সরকারের দৃষ্টিতে এনেছি, কিন্তু সরকার তা আমলে নেয়নি।’
কয়েক বছর ধরে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় থাকেন এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, নীতিমালার জায়গায় কিছু দুর্বলতা আছে। সে কারণে সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ব্যবসায়ী সংগঠনগুলো যেসব দাবি করে, তার অনেকগুলোই বাস্তবায়নযোগ্য থাকে। কিন্তু যেহেতু তাদের অনেকেই প্রভাব বিস্তার করতে পারে না। তাই তাদের দাবিও পূরণ হয় না।
তিন বছর ধরে একই দাবি
বৈদ্যুতিক যন্ত্র ও যন্ত্রাংশ তৈরির মূল কাঁচামাল ‘ইউরিয়া রেজিনস’ আমদানিতে শুল্ক ২৫%। একই শুল্কে আমদানি করা যায় সম্পূর্ণ তৈরি বৈদ্যুতিক যন্ত্রও
ফটো স্টুডিওগুলোর দাবি আরোপিত ৪.৫% মূসক প্রত্যাহার
রং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বড় দাবি ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার
‘‘ব্যবসায়ী সংগঠনগুলোর অনেক দাবি বাস্তবায়নযোগ্য থাকে। কিন্তু যেহেতু তাদের অনেকেই প্রভাব বিস্তার করতে পারে না, তাই তাদের দাবিও পূরণ হয় না
আবদুল হক
পরিচালক, এফবিসিসিআই