দাবি মেনে নেওয়ার আশ্বাসে সার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ায় পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সার ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রণালয়ে এক বৈঠকে কারখানা ও বাফার গুদামে অভিন্ন মূল্যে সার বিক্রির আশ্বাস দিলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসেসিয়েশনের (বিএফএ) পক্ষ থেকে এ কথা জানানো হয়।।

বৈঠক শেষে বিএফএর চেয়ারম্যান কামরুল আশরাফ খাঁন প্রথম আলো ডট কমকে বলেন, ‘আমরা সরকারের কাছে দুটি দাবি জানিয়েছিলাম। এর মধ্যে প্রধান দাবি ছিল, কারখানা ও বাফার গুদামে অভিন্ন মূল্যে সার বিক্রি করা। সরকার আমাদের এই দাবিটি মেনে নিয়েছে। তাই আমরা পূর্বঘোষিত ধর্মঘট অনানুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করছি। সরকারের পক্ষ থেকে চিঠি পেলে রোব বা সোমবার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে গণমাধ্যমকে জানানো হবে।’

এ দিকে সার ব্যবসায়ীদের দাবির বিষয়টি সুরাহা করতে আজ দুপুর দুইটায় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসে অর্থ মন্ত্রণালয়। বৈঠকে অর্থ মন্ত্রণালয় ছাড়াও শিল্প ও কৃষি মন্ত্রণালয় এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে দুই দফা দাবি পেশ করা হয়। দাবি পূরণে সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়। দাবি মানা না হলে সব ধরনের সার উত্তোলন এবং বিপণন বন্ধের ঘোষণা দেওয়া হয়।

বিএফএ সূত্রে জানা যায়, সারা দেশে সরকারের নিয়োগ করা পাঁচ হাজার ৩০০ জন ডিলার এবং প্রায় ৩০ হাজার খুচরা বিক্রেতা রয়েছে। এই ডিলার ও ব্যবসায়ীদের কারখানা ও বাফার গুদাম থেকে সার তোলার ক্ষেত্রে দামের ফারাক আছে। দেশের ৬৪টি জেলার মধ্যে ২৭টি জেলার ডিলাররা কারখানা থেকে ১৪ টাকা কেজি দরে সার কিনতে পারলেও ৩৭টি জেলার ডিলারদের প্রতি কেজি ইউরিয়া ১৪ টাকা ৭০ পয়সা দরে কিনতে হচ্ছে। এর ফলে বাফার গুদাম থেকে সংগ্রহকারী ডিলারদের বেশি টাকা গুনতে হচ্ছে। তাই দেশের সব জেলায় একই দামে ডিলারদের সার সরবরাহের জন্য কারখানা ও বাফার গুদামে সারের অভিন্ন মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

একই সঙ্গে বীজ ডিলারদের মাধ্যমে সার বিতরণ না করে কেবল বিসিআইসির নির্ধারিত সার ডিলারদের মাধ্যমে সার বিতরণের দাবি তাঁদের।