দাবিদাওয়ার তালিকা করছে বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সরকারের কাছ থেকে সুবিধা নিতে দাবিদাওয়ার তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ কাজে তাদের সঙ্গে বিকেএমইএ, বিটিএমএসহ পরিবহন, পাদুকা, টেরিটাওয়েল খাতের ১৫টি ব্যবসায়িক সংগঠনও আছে।
বিজিএমইএর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে একটি বৈঠক হয়। গত শনিবার বিজিএমইএর প্রতীকী অনশন কর্মসূচি থেকে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও তাঁদের জন্য সহায়তা আদায়ে সংগঠনের এই কমিটি ঘোষণা করেন। এই কমিটির আহ্বায়ক আব্দুস সালাম মুর্শেদী।
খোঁজ নিয়ে জানা যায়, পোশাক ব্যবসায়ীরা ব্যাংক থেকে যেসব ঋণ নেন—প্যাকিং ক্রেডিট, টার্ম লোন, ফোর্স লোন ইত্যাদি মেয়াদি ঋণে পরিণত করে সাত বছরে উন্নীত, ব্যাংকঋণের সুদ ছয় মাসের জন্য মওকুফ, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে অসচ্ছল মালিকদের ব্যাংক থেকে সহজশর্তে ঋণ প্রদান, পোশাক খাতের জন্য বিশেষ প্রণোদনা অর্থ শিগগিরই ছাড় করতে সরকারকে চিঠি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় বৈঠকে।
এ ছাড়া টাকার বিপরীতে ইউরোর দাম পড়ে যাওয়ায় অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিকারকদের জন্য একটি বিশেষ প্রণোদনা দেওয়া, ট্রাক ও কাভার্ড ভ্যানে পণ্য পরিবহনের নিরাপত্তার জন্য স্বল্পমেয়াদি বিমা সুবিধা এবং আন্তর্জাতিক বাজারে দর কমে যাওয়ায় দেশে পেট্রল-ডিজেলের দাম কমানোর বিষয়ে সরকারের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত হয়েছে।
এসব বিষয় নিশ্চিত করে আব্দুস সালাম মুর্শেদী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব দাবিদাওয়া উল্লেখ করে আগামী সোমবার অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি), ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনে চিঠি দেব।’ তিনি জানান, আগামী অর্থবছরের জাতীয় বাজেটের জন্য উৎসে কর শূন্য দশমিক ৩০ শতাংশের যেন চূড়ান্ত নিষ্পত্তি (ফাইনাল সেটেলমেন্ট) হয়, সেই দাবি করবে বিজিএমইএ। যাতে পোশাকমালিকদের কাছ থেকে আর কোনো ধরনের কর আদায় না করা হয়।
গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও এস এম মান্নান, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের খন্দকার আবদুল মোক্তাদির, সড়ক পরিবহন সমিতির সভাপতি রুস্তম আলী খান প্রমুখ।
জানতে চাইলে শহিদউল্লাহ আজিম প্রথম আলো বলেন, ‘সুবিধা নয়, ক্ষতি কাটিয়ে উঠতে ব্যবসায়ীদের একটু সময় প্রয়োজন। সেজন্যই সরকারের কাছে এই দাবি দাওয়া তুলে ধরা হচ্ছে।’