নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচনে ঢাকার ভোটকেন্দ্র বহাল করা হয়েছে।আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনের জন্য প্রথম অবস্থায় শুধু নারায়ণগঞ্জেই ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ঢাকা ও পার্শ্ববর্তী গাজীপুর, টঙ্গী, সাভার, মির্জাপুর, ভালুকা এলাকার ২২৬ জন পোশাকশিল্প মালিকের পক্ষে ৪৭ জন ভোটার ঢাকার ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে আবেদন জানান। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত ৩১ জুলাই প্রথম আলোতেও ছাপা হয়। এরপর বিকেএমইএ নির্বাচন পরিচালনা বোর্ড ২ আগস্ট বৈঠকে বসে ঢাকায় ভোটকেন্দ্র বহাল করে। যোগাযোগ করা হলে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আইউব গতকাল শনিবার টেলিফোনে প্রথম আলোকে জানান, ঢাকা ভোটকেন্দ্র বহাল রাখার জন্য ৪৭ জন ভোটার আবেদন করেছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা বোর্ড এবারও ঢাকার ভোটকেন্দ্র বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই ঢাকা ও নারায়ণগঞ্জে ভোটকেন্দ্র থাকবে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার অভিযোগ করেছেন, বিকেএমইএর বিগত নির্বাচনে ঢাকার ভোটকেন্দ্রে বর্তমান সভাপতি সেলিম ওসমান পরাজিত হয়েছিলেন। এই পরাজয়ের প্রতিশোধ নিতেই এ বছর ভোটার সংখ্যা বাড়লেও ঢাকার ভোটকেন্দ্র বাদ দেওয়া হয়েছে। আর ঢাকায় ভোটকেন্দ্র না থাকলে শুধু নারায়ণগঞ্জের ভোটকেন্দ্রে রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাব বিস্তার করার সুযোগ অনেক বেশি থাকে।এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণা করলেও এখনো সম্ভাব্য প্রার্থীদের জন্য আচরণবিধি প্রণয়ন করেনি নির্বাচন পরিচালনা বোর্ড। এই সুযোগে বর্তমান সভাপতি সেলিম ওসমান ও তাঁর সমর্থকেরা বিকেএমইএর নামে সভা ডেকে নানা কৌশলে নিজের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। নির্বাচনী বোর্ড তফসিল ঘোষণা করে গত ২৭ জুন। এরপর বর্তমান সভাপতি গত ৭ জুলাই নারায়ণগঞ্জ ক্লাবে বিকেএমইএর ব্যানারে নিট শিল্প মালিকদের এক সভা ডাকেন। নিট শিল্পের বিরাজমান সমস্যা নিয়ে সভা ডাকা হলেও সেখানে মূলত সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়। তবে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আইউব জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন প্রার্থীদের আচরণবিধি প্রদান করা হবে।