দাভোস সম্মেলনের সেরা উক্তি
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো দাভোস সম্মেলন। প্রতিবছরের জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা সুইজারল্যান্ডের দাভোসে এ সম্মেলনে অংশ নেন। সম্মেলনটি নিয়ে বিশ্ব গণমাধ্যমের আগ্রহও তাই কম নয়। সে আগ্রহ থেকে এবারের দাভোস সম্মেলনের আলোচনা থেকে সেরা কয়েকটি উক্তি নির্বাচন করেছে ভারতীয় গণমাধ্যম ‘এন্ট্রাপ্রেনিউর ইন্ডিয়া’। সেগুলো পাঠকদের জন্য ক্রমানুসারে তুলে ধরা হলো:
বিশ্বায়ন প্রক্রিয়ার কারণে যুক্তরাষ্ট্রের মানুষ কর্মসংস্থান হারাচ্ছে—দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রধান নির্বাহী জ্যাক মা বলেছেন, ‘গত ৩০ বছরে ১৩টি যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র খরচ করেছে ১৪ লাখ ২০ হাজার কোটি ডলার। যুদ্ধের পেছনে এই অর্থ খরচ অপচয় ছাড়া কিছুই নয়। যুদ্ধে অপচয়ের কারণেই যুক্তরাষ্ট্রে যথেষ্ট কর্মসংস্থান তৈরি হচ্ছে না।’
প্রথমবার সম্মেলনে আসা চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ‘বিশ্বজুড়ে মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নীতিতে আমাদের অটল থাকতে হবে, রক্ষণশীল নীতি পরিহার করতে হবে। বাণিজ্যযুদ্ধ করে কোনো দেশই লাভবান হবে না।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিষয়ে বলেন, ‘২০১৭ সালে যেসব প্রতিবন্ধকতার আশঙ্কা রয়েছে এগুলো চলতে থাকলে কর আদায়, ব্যবসা-বাণিজ্য, আর্থিক খাত নিয়ন্ত্রণসহ সব ক্ষেত্রেই বিশ্বকে তলানিতে থাকতে হবে।’
স্কারামুচির বক্তব্যকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও ধনকুবের ডেভিড রুবেনস্টেইন বলেন, মেক্সিকোকে দেউলিয়া হওয়া (বেইল আউট) থেকে রক্ষা করতে পরবর্তী মার্কিন প্রশাসনকে যদি উদ্যোগ নিতে হয়, তাহলে সেটি হবে দুর্ভাগ্যজনক।