দাম একটু কমাল মন্ত্রণালয় চিনি তুলছেন ডিলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারদরের চেয়ে বেশি দামে ডিলারদের কাছে বিক্রি করায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চিনি তুলছিলেন না ডিলাররা। সে কারণে আমদানি করা চিনির দাম কিছুটা কমিয়েছে শিল্প মন্ত্রণালয়।আমদানি করা চিনির দর প্রতি কেজি ৪১ টাকা থেকে কমিয়ে এখন ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর তাই করপোরেশন থেকে গত দুই দিনে চিনি তুলতে শুরু করেছেন ডিলাররা।‘সরকারি প্রতিষ্ঠানই মানছে না বেঁধে দেওয়া চিনি দর’ শিরোনামে একটি প্রতিবেদন ১১ জুলাই প্রথম আলোয় ছাপা হয়। ওই দিনই শিল্প মন্ত্রণালয় আমদানি করা চিনির দাম কমায় বলে করপোরেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন।তবে দেশীয় চিনিকলে উৎপাদিত চিনির দর এখনো কমায়নি শিল্প মন্ত্রণালয়। করপোরেশন ডিলারদেরকেই এই চিনি দিচ্ছে ৫০ টাকা কেজি দরে। অথচ বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকায়।এত দিনে কেন চিনির দাম কমাল মন্ত্রণালয় তা জানতে চাইলে করপোরেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছে তা-ই করেছে। তবে তিনি মনে করেন, আগে দাম কমানো হলে ডিলাররা আরও আগেই চিনি তুলতেন। তাতে করপোরেশনের সব চিনিই শেষ হয়ে যেত। ফলে পরবর্তী সময়ে বেসরকারি মিলমালিকেরা বাজারে কারসাজি করার সুযোগ পেত।বাংলাদেশ চিনি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চিনি করপোরেশন প্রতি কেজি চিনির দর ৫০ টাকা ধরে রেখেছে বেসরকারি মিলমালিকদের চিনি বিক্রি হওয়ার জন্য, দেশীয় চিনিকলগুলো ধ্বংস করার জন্য। মিলমালিকেরা রমজানে ব্যবসা করে নেওয়ায় এখন চিনির দামও কমানো হলো।’গত বছর জুলাইয়ে রমজানের ঠিক আগমুহূর্তে খুচরা বাজারে যখন প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছিল ৫৩ থেকে ৫৫ টাকায়, তখন করপোরেশন ৬০ টাকা কেজি দরে চিনি বিক্রি শুরু করে। ফলে বাজারে হঠাৎ করেই চিনির দাম কেজি ৫৫ থেকে ৬০ টাকায় ওঠে যায়। সমালোচনার পরিপ্রেক্ষিতে শিল্পমন্ত্রী দেশীয় চিনিকলে উৎপাদিত চিনির কেজি ৫০ টাকা এবং আমদানি করা চিনি ৫৫ টাকা দর ঘোষণা করেছিলেন।চিনি তুলছেন ডিলাররা: করপোরেশনে এখন দেশীয় চিনিকলে উৎপাদিত এক লাখ ১৭ হাজার টন এবং আমদানি করা ৩৭ হাজার টন—মোট এক লাখ ৫৪ হাজার ১৯৩ টন চিনি মজুত আছে।করপোরেশন সূত্র জানায়, ১১ জুলাই বিকেলে দাম কমানোর সিদ্ধান্ত হয়। এরপর দুই দিন সরকারি ছুটি থাকায় ডিলাররা চিনি তুলতে পারেননি। গত রোববার ২১২ টন আমদানি করা চিনি তুলেছেন ডিলাররা। আর গতকাল সোমবার দুপুর পর্যন্ত ৭০০ টন চিনির জন্য দেশের বিভিন্ন অঞ্চলের ডিলাররা করপোরেশনের কাছে টাকা জমা দিয়েছেন।তবে ডিলাররা জানিয়েছেন, আমদানি করা চিনি সবাই বিক্রি করছেন। সেটারই দাম কামিয়েছে শিল্প মন্ত্রণালয়। রমজানে দেশীয় চিনিকলে উৎপাদিত চিনিরও বেশ চাহিদা থাকে। কিন্তু তার দাম মন্ত্রণালয় কমায়নি।করপোরেশনের এক কর্মকর্তা বলেন, বছর খানেক ধরেই করপোরেশনের চিনি বিক্রি হচ্ছিল না। সে কারণে করপোরেশন চিনি রপ্তানি শুরু করেছে। চিনি রপ্তানি হলে প্রতি কেজির জন্য ৫৩ টাকা করে পাচ্ছে করপোরেশন। ডিলারদের কাছে বিক্রির চেয়ে একেই বেশি লাভজনক মনে করছে করপোরেশন। সে কারণে দাম কমানো হয়নি।