দাম কমল সয়াবিন তেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক লিটারে ১১-১৪ টাকা এবং পাঁচ লিটারে ৫৫ টাকা কমানো হলেও ভোক্তারা এখনো এর সুফল পেতে শুরু করেননি
এক লিটারে ১১-১৪ টাকা এবং পাঁচ লিটারে ৫৫ টাকা কমানো হলেও ভোক্তারা এখনো এর সুফল পেতে শুরু করেননি

অবশেষে বোতলজাত সয়াবিন তেলের দাম কমাতে শুরু করেছে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। কয়েকটি প্রতিষ্ঠান প্রতি লিটারে ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত এরই মধ্যে কমিয়েছে। অন্যরাও কমাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
এক বছর ধরে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো বিক্রি করছিল চড়া দামেই। অতিরিক্ত মুনাফা করায় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্প্রতি দাম কমানোর নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে তেলের দাম কমিয়েছে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ। আর বাংলাদেশ এডিবল অয়েল গতকাল বুধবার বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এখন এক লিটারের বোতলজাত তেল বিক্রি হবে ১০২ টাকায়। এ তেল আগে বিক্রি হতো ১১৩-১১৬ টাকায় আর পাঁচ লিটারের তেল বিক্রি হবে ৫০৫ টাকায়, যা আগে বিক্রি হতো ৫৬০ টাকায়।
কিন্তু কারখানা পর্যায়ে দাম কমানো হলেও ভোক্তারা এখনো এর সুফল পেতে শুরু করেনি। কারণ, বাজারে এখনো আগের দামেই বোতলজাত তেল বিক্রি হচ্ছে। ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, কমানো দামের তেল সহজলভ্য হতে কয়েক দিন লেগে যাবে। ফলে শিগগিরই ক্রেতারা কম দামের তেল কিনতে পারবেন।
ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দাম কমানোসংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী। তবে এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম কমেছে ৩৬ শতাংশ। গত বছর আনুষঙ্গিক সব খরচসহ প্রতি টন সয়াবিন তেলের আমদানিমূল্য (সিঅ্যান্ডএফ) ছিল ৯৪ হাজার ৬৪৩ টাকা (এক হাজার ১৯৮ ডলার)। এখন তা কমে ৬০ হাজার ৮৫৫ টাকায় (৭৭০ ডলার) আমদানি হচ্ছে। এক বছরে প্রতি টনে কমেছে ৩৩ হাজার ৭৮৮ টাকা।
ট্যারিফ কমিশনের ওই প্রতিবেদন বলছে, সব খরচ যুক্ত করে এবং মুনাফা রাখার পর এক লিটার বোতলজাত তেলের দাম হওয়া উচিত ৮৪ টাকা। কিন্তু এত দিন বাজারে এ তেল বিক্রি হচ্ছিল ১১৩-১১৬ টাকায়। সে হিসাবে, প্রতি লিটারে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা করতে ২৯ থেকে ৩২ টাকা।
এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ ২০১১’ জাতীয় কমিটির বৈঠকে বোতলজাত সয়াবিন তেলের দাম সহনীয় করতে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়। ওই বৈঠকে তেলের দাম কমানোর আশ্বাসও দেন ব্যবসায়ীরা। এর ঠিক দুই সপ্তাহ পর ব্যবসায়ীরা তেলের দাম কমালেন।
ইতিমধ্যে বোতলজাত তেলের দাম কমানোর বিষয়টি চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে সিটি গ্রুপ (তীর ব্র্যান্ড)।
জানতে চাইলে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে জানান, ‘বিশ্ববাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে আমরা বোতলজাত সয়াবিন তেলের দাম কমিয়েছি। বিষয়টি আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যারিফ কমিশনকেও জানিয়ে দিয়েছি।’ তিনি জানান, বাজারে আগের দামের যেসব বোতলজাত তেল বিক্রি হচ্ছে, সেটা কমানো দামে বিক্রির জন্য খুচরা বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যে টাকা ঘাটতি থাকবে, তা কোম্পানির পক্ষ থেকে পুষিয়ে দেওয়া হবে।
মেঘনা গ্রুপও (ফ্রেশ ব্র্যান্ড) মঙ্গলবার থেকেই তাদের তেলের দাম কমিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা বোতলজাত সয়াবিন তেলে ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত কমিয়েছেন।
কারওয়ান বাজারে কয়েকটি দোকান ঘুরে কমানো দামে তেল বিক্রি করতে দেখা যায়নি। এমনকি তাদের কাছে ওই তেলও দেখা যায়নি। কয়েকজন বিক্রেতা জানান, তীর আর ফ্রেশ ব্র্যান্ডের তেলের দাম কমেছে বলে তাঁরা শুনেছেন। তবে এখনো তাঁরা ওই তেল পাননি। তাই তাঁরা আগের দামেই তেল বিক্রি করছেন।
জানতে চাইলে মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক আসিফ ইকবাল প্রথম আলোকে জানান, ‘আমরা দাম কমিয়েছি। কিন্তু বাজারে তার প্রভাব পড়তে তো কয়েক দিন লাগবে।’ তিনি জানান, কমানো দামে তেল বিক্রি উৎসাহী করতে পরিবেশক পর্যায়ে যে ক্ষতি হবে, তা পুষিয়ে দেওয়া হবে।
এদিকে গতকাল বুধবারই বৈঠক করে বোতলজাত তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এডিবল অয়েল। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ এডিবল অয়েল দাম কমানোর বিষয়ে সভা করছিল। ওই সভায় দাম কমানোর সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ এডিবলের কর্মকর্তা আইনুল হক সর্দার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রতি লিটার তেলের দাম কত হবে, তা এখনো ঠিক করা হয়নি।’
টিকে গ্রুপ তেলের দাম কমিয়েছে কি না তা জানা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।