দাম কমলেও ক্রেতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০ দিনে কুষ্টিয়ার খাজানগরে সরু চাল (মিনিকেট) কেজিপ্রতি আড়াই টাকা কমেছে। তারপরও সেখানে চাল কেনার ক্রেতা নেই। এতে একদিকে মোকামে চালের মজুত বেড়েছে, অন্যদিকে অর্ধেকের বেশি চাতাল চাল উৎপাদন বন্ধ করে দিয়েছে।
মিলমালিকদের দাবি, আগে প্রতিদিন প্রায় ১০০ ট্রাক (প্রতি ট্রাকে ১৫ টন) চাল যেত দেশের বিভিন্ন শহরে। এখন দিনে যাচ্ছে গড়ে ৩৫ থেকে ৪০ ট্রাক। ভারতীয় চালে বাজার সয়লাব হওয়ায় দেশীয় সরু চালের ক্রেতা কমে গেছে। এ জন্য দেশের দ্বিতীয় বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের ওপর প্রভাব পড়েছে। ভারতীয় চাল আসা বন্ধ না হলে চালকলমালিকেরা লোকসানের মুখে পড়বেন।
জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে চালের বাজার ক্রেতাশূন্য। মোকামে দেশীয় চালের প্রচুর মজুত থাকার পরও ভারত থেকে বিপুল চাল আসছে। এর ফলে দেশের চালের বাজার ধ্বংস হচ্ছে। লোকসান গুনছেন মিলমালিকেরা।’
জয়নাল আবেদীনের দাবি, ‘দেশের বাজারের চাহিদার চেয়ে দ্বিগুণ চাল ভারত থেকে আমদানি করা হচ্ছে। দামও দেশীয় চালের চেয়ে কেজিতে ২ থেকে ৩ টাকা কম। তাই ক্রেতারা কম দামের ভারতীয় চালের প্রতি ঝুঁকছেন। আর মোকামে দেশীয় চালের মজুত বাড়ছে।’
মিল মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, খাজানগর এলাকায় অটো রাইস মিল রয়েছে ২৬টি। হাসকিং রয়েছে প্রায় ২৬০টি। অর্ধেক মিলমালিক চাতালে চাল উৎপাদন বন্ধ করে দিয়েছেন। আর গুদামে চালের বস্তার স্তূপ জমে আছে।
মিলমালিকেরা জানান, ২০ দিন আগেও প্রতি কেজি সরু চালের দাম ছিল ৪৩ টাকা ৫০ পয়সা। এখন তা নেমে এসেছে ৪১ টাকায়। কেজিতে আড়াই টাকা দাম কমলেও ক্রেতা মিলছে না।
মিল মালিক সমিতির হিসাব অনুযায়ী, খাজানগর এলাকায় এখন সব মিল মিলিয়ে প্রায় দেড় লাখ টন চাল মজুত রয়েছে। কিন্তু সামনে দেড় মাসের মধ্যে নতুন চাল উৎপাদন শুরু হয়ে যাবে। তখন মজুত চাল নিয়ে বিপাকে পড়তে পারেন তাঁরা।
গত শুক্রবার সরেজমিনে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর, দোস্তপাড়া ও আইলচারা এলাকায় গিয়ে কোনো মিলের সামনে ট্রাকের দেখা মেলেনি। বেশির ভাগ মিল বন্ধ পাওয়া গেছে।
প্রগতি, আবদুল্লাহ ও স্বর্ণা রাইস মিলের মালিকেরা জানান, চালের ক্রেতা না থাকায় তাঁরা চাতালে চাল উৎপাদন বন্ধ করে দিয়েছেন।
খাজানগরের বড় চাল ব্যবসায়ী ফ্রেশ অ্যাগ্রো ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, ‘ভারতীয় চালের দাম কম হওয়ায় ব্যবসায়ীরা দেশীয় চাল কেনার আগ্রহ কম দেখাচ্ছেন। এই সময়ে আমি নিজে প্রতিদিন প্রায় ১০ ট্রাক চাল ঢাকায় পাঠাতাম, সেখানে পাঠানো হচ্ছে ২ থেকে ৩ ট্রাক চাল।’