দাম কমলেও লেনদেনে আধিক্য জ্বালানি খাতের
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবারও দরপতন ঘটেছে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ১ শতাংশ বা ৪৬ পয়েন্ট কমেছে। এদিন সূচকের এই পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে ব্যাংক ও বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানিগুলো। মূলত এই দুই খাতের জন্যই সাধারণ সূচক কমেছে প্রায় শূন্য দশমিক ৬২ শতাংশ। যদিও খাদ্য ও আনুষঙ্গিক, তথ্যপ্রযুক্তিসহ কয়েকটি খাত সূচকে ইতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে টানা চার দিনের দরপতনের ফলে ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৫০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। হঠাৎ করে লেনদেন কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। এ কারণে অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলে বাজারসংশ্লিষ্টরা জানান। তাঁদের মতে, এ ধরনের পরিস্থিতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে সহায়তা দরকার তাতেও কিছুটা ঘাটতি রয়েছে। দরপতন হলেও গতকাল ডিএসইতে লেনদেনে আধিপত্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের। এ খাতের কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮৯ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশ। লেনদেনের দিক থেকে এর পরের অবস্থানে ছিল যথাক্রমে ভ্রমণ, ব্যাংক ও বস্ত্র খাত। এই তিন খাতের লেনদেনের পরিমাণ ছিল ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৫, ১২ ও ১০ শতাংশ। ডিএসইতে লেনদেন হওয়া ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৭টিরই দাম কমেছে, বেড়েছে ৬৩টির আর অপরিবর্তিত ছিল ১২টি শেয়ারের দাম। দিন শেষে ঢাকার বাজারে ৫২৬ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা বেশি।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টিরই দাম কমেছে, বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। সিএসইতে দিন শেষে ৬২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১০০ পয়েন্ট কমে নেমে এসেছে ১৩ হাজার ৬৭০ পয়েন্টে।