শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের প্রতিটি শেয়ারের দাম গতকাল সোমবার ১০ শতাংশ বা সাত টাকা ৩০ পয়সা কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর হ্রাস পাওয়া ১০ কোম্পানির শীর্ষেও ছিল এটি।
কোম্পানির আর্থিক বিবরণীর তথ্য অনুযায়ী, ২০১৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রির খরচ আগের বছরের একই সময়ের চেয়ে চার কোটি টাকারও বেশি বেড়েছে। ২০১২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে পণ্য বিক্রির খরচ ছিল ১৪ কোটি ৪৪ লাখ টাকা। ২০১৩ সালের একই সময়ে সেটি বেড়ে হয়েছে প্রায় ১৮ কোটি ৫৩ লাখ টাকা। তবে এই সময়কালে রাজস্ব আগের বছরের একই সময়ের চেয়ে সামান্য কমেছে।
পণ্য বিক্রির খরচ বাড়ার পাশাপাশি বেড়েছে আর্থিক ব্যয়ও। ২০১২ সালের শেষ প্রান্তিকে যে ব্যয়ের পরিমাণ ছিল এক কোটি টাকা সেটি ২০১৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেড়ে হয়েছে প্রায় এক কোটি ৮৭ লাখ টাকা।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষকদের মতে, পণ্য বিক্রির খরচে অনেক বেড়ে যাওয়ার ফলেই মূলত আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এই ধরনের খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপট বা যৌক্তিকতা নিয়ে বিশ্লেষকেরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত রোববার প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের নেতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ারের দামে। প্রকাশিত আর্থিক প্রতিবেদনে, ২০১৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয় মাত্র ১২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭২ পয়সা। সেই হিসাবে এক বছর না যেতেই কোম্পানিটির আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়।
আয় কমে যাওয়ার প্রভাবে গতকাল লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। প্রথম কয়েক মিনিটের মধ্যেই এটি মূল্যহ্রাসের সর্বনিম্ন স্তর বা সার্কিট ব্রেকারে নেমে আসে। আগের দিনের ৭৩ টাকা ৩০ পয়সা থেকে দাম কমে নেমে আসে ৬৬ টাকায়। দিনভর ওই দামে এটির লেনদেন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৬ এপ্রিল কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল।
এদিকে কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির পর গতকাল সোমবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন কিছুটা কমেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে মূল্য সংশোধন হিসেবে অভিহিত করছেন। দিন শেষে গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৭২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৮৭ কোটি টাকা কম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭৫২ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬১ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম।