>

বছরে সবচেয়ে বেশি চামড়া পাওয়া যায় কোরবানির ঈদের সময়। অথচ প্রতিবারই চামড়ার দাম নিয়ে চলে পাল্টাপাল্টি অভিযোগ। পাড়ায় পাড়ায় দেখা যায় নানা ধরনের চামড়া ব্যবসায়ীদের। বেড়ে যায় মৌসুমি ব্যবসায়ীদের দৌরাত্ম্য। অসন্তোষ তৈরি হয় দরদাম নিয়ে। এসব নিয়েই প্রথমআলোর সঙ্গে কথা বলেছেন চামড়া খাতের ব্যবসায়ী নেতা
প্রথম আলো: কোরবানির চামড়ার দাম নির্ধারণ করা না-করা নিয়ে প্রতিবছরই কেন গোলমাল বাধে?
টিপু সুলতান: গোলমাল বাধার মূল কারণ হলো দাম নির্ধারণ করার পর সেটা তিন-চার হাত ঘোরে। এতে দামটা বেড়ে যায়। মৌসুমি ব্যবসায়ীরা না বুঝেই প্রতি বর্গফুটে ১০-১৫ টাকা বেশি দিয়ে কেনেন। অনেক সময় কম দামে কিনেও আমাদের কাছে বেশি দামে বিক্রি করেন। সে কারণে আমাদের হাতেই চামড়া আসে বেশি দামে। এতে আমাদের চামড়ার ব্যয় (কস্টিং) বেড়ে যায়। ট্যানারিমালিকেরা আবার তখন এই দাম দিতে চান না। তাঁদেরও শেষ পর্যন্ত বেশি দামে চামড়া কিনতে হয়। সে কারণে ট্যানারিমালিকেরা কোরবানির আগে চামড়ার দাম নির্ধারণ করতে চান না। তাই চামড়ার দাম ঠিক করলেও বিপদ, না করলেও বিপদ।
প্রথম আলো: চামড়া নিয়ে যে জটিলতা হয়, তাতে মৌসুমি ব্যবসায়ীদের দায় কতটুকু?
টিপু সুলতান: আমরা যাঁরা চামড়ার ব্যবসা করি, তাঁরা সারা বছরই ব্যবসা করি। কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা ব্যবসা করেন তিন-চার দিন। কয়েক লাখ টাকা লাভ করেই তাঁরা চলে যান। সে কারণে তাঁদের দায়টাই বেশি। এমনও হয়, ঈদের আগের দিন বাসায় গিয়ে কোরবানিদাতার হাতে ৫০০ থেকে ১ হাজার টাকা দিয়ে আসেন। তাঁরা স্থানীয় লোক, যার কারণে তাঁদের টাকা কোরবানিদাতারা নিয়ে নেন। অনেক সময় তাঁরা চাপ প্রয়োগ করে কম দামে চামড়া কেনেন। আর আমাদের কাছে বেশি দামে বিক্রি করেন। চামড়ার এই জটিলতা কমাতে হলে একটা সুনির্দিষ্ট নীতিমালা করা উচিত যে কারা কাঁচা চামড়া কিনতে পারবেন, কারা পারবেন না। লাইসেন্সের ব্যবস্থাও থাকা উচিত। আমরা পোস্তায় (লালবাগ) ৩০০ আড়তদার আছি। সবারই লাইসেন্স আছে। সারা দেশে আমাদের প্রতিনিধি আছেন, যাঁরা চামড়া সংগ্রহ করেন। নীতিমালা করা হলে মৌসুমি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে।
প্রথম আলো: প্রতিবছরই কোরবানির পর চামড়া নিয়ে ট্যানারিমালিক ও আড়তদারেরা মুখোমুখি অবস্থানে থাকেন। কেন বারবার এমনটা হয়? এ থেকে উত্তরণের পথ কী?
টিপু সুলতান: কোরবানির পরপরই পোস্তায় এক-দেড় লাখ চামড়া চলে আসে। এর কয়েক দিন পর আসে লবণযুক্ত চামড়া। কোরবানির পরপরই ট্যানারিমালিকেরা এক জোট হয়ে বলে দেন যে বেশি দামে তাঁরা চামড়া কিনবেন না। এতে আমাদের ঝামেলায় পড়তে হয়। পরে তাঁদের সঙ্গে মিটিং করতে হয়। ওই সব মিটিংয়ে তাঁরা শর্ত শিথিল করেন। এরপর তাঁদের কাছে চামড়া বিক্রি করতে হয়। এখন দেখবেন, কোরবানির দিন বংশাল, সায়েন্স ল্যাবরেটরি, আমিনবাজারে চামড়ার বিরাট ভ্রাম্যমাণ বাজার হয়ে যায়। এদিকেও সরকারের নজর দেওয়া উচিত। এই বাজারগুলো না হলে চামড়াগুলো পোস্তায় আসত। একটা শৃঙ্খলা থাকত।
প্রথম আলো: পোস্তায় চামড়ার বেচাকেনার এখনকার হাল কেমন?
টিপু সুলতান: গত বছরের কোরবানির এক-দেড় মাস পর চামড়ার দাম যে পড়ে গিয়েছিল, সেই অবস্থা আর কাটেনি। কোরবানির আগে এখন শেষ সময়। এই সময়ে চামড়া কম আসে। এখন যেসব পশু জবাই হচ্ছে, ব্যাপারীরা সেগুলোর চামড়া ধরে রাখেন। কারণ, এখন চামড়ার দাম কম। তাই তাঁরা কোরবানির চামড়ার সঙ্গে মিশিয়ে কয় দিন পর এটাকে কোরবানির বলে বিক্রি করবেন। পোস্তায় ভালো মানের চামড়া প্রতি বর্গফুট ৭০-৭৫ এবং মাঝারি মানের চামড়া ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রথম আলো: ভালো চামড়া পেতে মাঠপর্যায়ে কী নির্দেশনা দেবেন?
টিপু সুলতান: চামড়া রাষ্ট্রীয় সম্পদ। সংরক্ষণ না হলে তো রপ্তানি হবে না। গত বছর আমরা সংগৃহীত চামড়া ৮-১০ ঘণ্টার মধ্যে লবণযুক্ত করে সংরক্ষণ করতে বারবার অনুরোধ করেছিলাম। এবার তো গরম আরও বেশি। সে জন্য আমরা মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছি যে পাঁচ-ছয় ঘণ্টার মধ্যে চামড়াটা লবণযুক্ত করে সংরক্ষণ করতে হবে। যথাযথভাবে সংরক্ষণ না হওয়ায় গতবার ৩০ শতাংশ চামড়াই নষ্ট হয়ে গিয়েছিল। চামড়া পচনশীল পণ্য। ঠিকমতো এর সংরক্ষণ না হলে দাম হয়ে যায় অর্ধেক। আরেকটি নির্দেশনা হলো, চামড়ায় যেন দেশি লবণ মেশানো হয়। কারণ, ভারতের লবণে ইউরিয়া থাকে। সেটা চামড়ার ক্ষতি করে।
সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত