দাম নির্ধারণে নতুন নির্দেশনা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্রিজি ইন্টারনেটের দাম নির্ধারণের ক্ষেত্রে টুজি ইন্টারনেটের দামকে মানদণ্ড ধরতে হবে। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যাতে কোনো গ্রাহক বৈষম্যের শিকার না হন, সে জন্য এ ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি সূত্রে জানা গেছে, শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করবে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক এ সংস্থাটি।
২০১৩ সালের অক্টোবরে থ্রিজি (তৃতীয় প্রজন্ম) চালু হওয়ার পর এ প্রযুক্তির আওতায় বিভিন্ন সেবার মূল্য নিয়ে বৈষম্যের অভিযোগ ওঠে। বিটিআরসি নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এ বৈষম্য নিরসনে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
তবে অপারেটররা বলছে, যেহেতু দেশের সব এলাকায় এখনো থ্রিজি যায়নি, তাই টুজির দামেই গ্রাহকদের থ্রিজি ইন্টারনেট প্যাকেজ দেওয়া হচ্ছে। এতে গ্রাহকেরা বরং লাভবান হচ্ছেন।
সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এ মুহূর্তে দেশে থ্রিজি ও টুজি প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে বিটিআরসির সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। তাই ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে একেক অপারেটর একেক পদ্ধতি অবলম্বন করছে। আবার থ্রিজি নেটওয়ার্ক এখনো সারা দেশে সমভাবে না থাকায় দাম নির্ধারণে কিছু জটিলতা রয়েছে।
এ অবস্থায় বিটিআরসি বিষয়টির সুরাহা করতে যাচ্ছে। সংস্থাটি বলছে, এখন থেকে থ্রিজি ইন্টারনেট সেবার মূল্য নির্ধারণের ক্ষেত্রে টুজির দামকেই ভিত্তিমূল্য ধরতে হবে। এ দাম নির্ধারণে বিস্তারিত কাজ করেছে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ (এসএস)। তাদের মূল্যায়নের ভিত্তিতেই সংস্থাটি এ-সংক্রান্ত নতুন নির্দেশনা দিতে যাচ্ছে। এ ক্ষেত্রে গত কয়েক বছরের দামের ধারা ও বাজার প্রতিযোগিতাকে মূল বিবেচনায় নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
বিটিআরসির উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গ্রাহকদের যাতে থ্রিজির দামে টুজি ইন্টারনেট কিনতে না হয় সে বিষয়টি নিশ্চিত করেই নির্দেশনা জারি করা হবে। আর যেসব এলাকায় থ্রিজি নেটওয়ার্ক আছে সেসব এলাকার গ্রাহকেরা একই দামে অপেক্ষাকৃত দ্রুতগতির ইন্টারনেট পাবেন।
বর্তমানে দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটি ৬৮ লাখ। এর মধ্যে ১ কোটি ৬০ লাখের বেশি গ্রাহক থ্রিজি ইন্টারনেট ব্যবহার করেন। আর বাকি প্রায় তিন কোটি গ্রাহক টুজি ইন্টারনেট সেবা নিচ্ছেন।
এদিকে চলতি আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিটিআরসি মোবাইল সেবামানের ওপর সারা দেশে জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে। তাতে ইন্টারনেট প্যাকেজের দামের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ১৫টি জেলার ৪৫টি উপজেলায় জরিপ চালানো হবে।