বাজেটে সিগারেট-মোটরসাইকেল-পিস্তলের দাম বাড়ছে
২০১৫-২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফলে বাড়বে বেশ কিছু পণ্যের দাম। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন তিনি। এ নিয়ে নবমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করলেন তিনি। ২০১৫-১৬ অর্থবছরে বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।
যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো
সিগারেট: অর্থমন্ত্রী বলেন, এটি সুবিদিত এবং সর্বজনস্বীকৃত যে, স্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্য সিগারেট অত্যন্ত ক্ষতিকর। সিগারেটের ক্ষতিকারক দিক বিবেচনার পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানিসহ সিগারেট উৎপাদন ও বিক্রয় ব্যবসায় নিয়োজিত অন্যান্য সকল করদাতা যথা ব্যক্তি, অংশীদারী ফার্ম ইত্যাদির উপর ৪৫ শতাংশ হারে একটি একক করহার ধার্য করার প্রস্তাব করছি। ফলে বাড়বে সিগারেটের দাম।
অটো রিকশা/থ্রি হুইলার: দুই স্ট্রোক এবং চার স্ট্রোক বিশিষ্ট অটো রিকশা/থ্রি হুইলারের ইঞ্জিন আমদানিতে সম্পূরক শুল্ক ১৫ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করার প্রস্তাবে এটির দাম বাড়বে।
রেজর ও ব্লেড: রেজর আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক এবং স্টেইনলেস স্টিল ব্লেড আমদানিতে সম্পূরক শুল্ক ১৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এসব পণ্যের দাম বাড়বে।
চিনি: অপরিশোধিত প্রতি টন চিনি আমদানিতে কাস্টমস ডিউটি দুই হাজার থেকে বাড়িয়ে চার হাজার টাকা করায় আমদানি করা চিনির দাম বাড়বে। আর পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি কাস্টমস ডিউটি সাড়ে চার হাজার থেকে আট হাজার টাকা করায় এরও দাম বাড়বে।
মোটর গাড়ির টায়ার: মোটর গাড়ির টায়ার আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবে এটির দাম বাড়বে।
এলইডি ও এলসিডি টিভি: বাজেটে এলসিডি ও এলইডি টেলিভিশন তৈরির পূর্ণাঙ্গ প্যানেল এবং অপটিক্যাল ফাইবারের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তাই বাড়তে পারে এসব পণ্যের দাম।
ইলেকট্রিক ব্যাটারিচালিত মোটর গাড়ি: ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটর গাড়ি আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের কারণে বৃদ্ধি পাবে এর দাম।
মোটরসাইকেল: বাজেটে চার স্ট্রোক বিশিষ্ট মোটরসাইকেল আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশে আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শুল্ক আরোপ করা দাম বাড়বে মোটরসাইকেলের। সেই সঙ্গে মোটরসাইকেলের সিটের দামও বাড়বে।
রিভলবার ও পিস্তল: আমদানিতে সম্পূরক শুল্ক ১০০ থেকে ১৫০ শতাংশে উন্নীত করার প্রস্তাবে রিভলবার ও পিস্তলের দাম বাড়বে।
আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে
অমসৃণ হিরা ও ইমিটেশন জুয়েলারি; সৌন্দর্য চর্চা ও ত্বক-নখ-পায়ের পরিচর্যার প্রসাধন সামগ্রী; চা; মাখনসহ অন্যান্য দুগ্ধজাত চর্বি, তেল ও দই-পনির; তাজা বা ঠান্ডা টমেটো; তাজা বা শুকনা সুপারি, সিরামিকের বাথটাব ও জিকুজি, শাওয়ার, শাওয়ার ট্রে; প্রিন্টিং ইংক; রিরোলিং শিল্পের মধ্যবর্তী পণ্য বিলেট; আর্টিফিশিয়াল ফিলামেন্ট টো; টেম্পারড সেফটি গ্লাস ও ল্যামিনেটেড সেফটি গ্লাস; ফ্রেমবিহীন ও ফ্রেমযুক্ত কাচের আয়না; কাস্ট আয়রনের টিউব পাইপস ও ফাঁপা প্রোফাইল; আয়রন বা স্টিলের তৈরি অন্যান্য টিউব, পাইপ ও ফাঁপা প্রোফাইল, সিমলেস; ওয়েল অথবা গ্যাস পাইপ লাইনে ব্যবহৃত লাইন পাইপ, রান্নার তৈজসপত্র ও প্লেট গরমকারক; স্টেইনলেস স্টিলের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, সিঙ্ক, ওয়াশ বেসিন, পানির ট্যাপ ও বাথরুমের ফিটিংস; কপারের তৈরি স্যানিটারিওয়্যার অ্যালুমিনিয়াম স্যানিটারি ওয়্যার ও এর যন্ত্রাংশ; বিভিন্ন ধরনের সাউন্ড রেকর্ডিং বা রিপ্রোডিউসিং এপারেটাস (ম্যাগনেটিক, অপটিক্যাল বা সেমিকন্ডাক্টর মিডিয়া ব্যবহারকারী) ; সম্পূর্ণ তৈরি সাউন্ড রেকর্ডিং বা রিপ্রোডিউসিং এপারেটাস; সম্পূর্ণ তৈরি ভিডিও রেকর্ডিং বা রিপ্রডিউসিংয়ের যন্ত্রপাতি; লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড; পকেট সাইজ রেডিও ক্যাসেট প্লেয়ার; সালফিউরিক অ্যাসিড; ওলিয়াম; পেইন্টস, ভার্ণিশ ও লেকার (এনামেল ও ডিস্টেম্পারসহ)।