দাম বাড়ল গরমমসলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমমসলা ছাড়া সুস্বাদু রান্নার কথা ভাবাই যায় না। তাই সারা বছর সব ঘরেই বিভিন্ন ধরনের মসলার কম-বেশি চাহিদা থাকে। তবে এখন থেকে এই মসলা কিনতে ক্রেতাদের পকেট থেকে বেরিয়ে যাবে বাড়তি টাকা। কারণ, এবারের বাজেট চারটি মসলার দাম বাড়ার সুযোগ করে দিয়েছে।

মসলাগুলো হচ্ছে এলাচি, জিরা, গোলমরিচ ও দারুচিনি। জাতীয় সংসদে গত ১ জুন বাজেট ঘোষণার পর দেশের অন্যতম পাইকারি মোকাম চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতিমধ্যে এসব মসলার দাম কেজিপ্রতি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

খাতুনগঞ্জে এখন প্রতি কেজি ভারতীয় জিরা ২২ টাকা বেড়ে ৩৫২ টাকা, সিরিয়ার জিরা ৩২ টাকা বেড়ে ৩৭২ টাকা, ভিয়েতনামের গোলমরিচ ৫০ টাকা বেড়ে ৬৫০ টাকা, গুয়াতেমালার এলাচি ৫০ টাকা বেড়ে ১ হাজার ২৬০ টাকা এবং চীনের দারুচিনি ১০ টাকা বেড়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বহুল ব্যবহৃত এই চার মসলার ওপর কাস্টমস ডিউটি (সিডি) বা আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে আমদানি শুল্ক খাতে সরকারের রাজস্ব আদায় কমবে। তা সমন্বয় করার লক্ষ্যে এসব পণ্যের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে আড়াই গুণ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

>চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি মোকামে জিরা, গোলমরিচ, এলাচি ও দারুচিনির দাম কেজিপ্রতি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, মসলা এখন বিলাসী পণ্য নয়, এগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য। শুল্ক বাড়ানোর ফলে ভারত থেকে চোরাই পথে আনা মসলা দেশের বাজার দখল করবে। সরকার্ উল্টো রাজস্ব হারাবে। তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা এসব পণ্যে শুল্ক কমানোর সুপারিশ করেছিল, কিন্তু উল্টো তা বাড়ানো হয়েছে।’

ব্যবসায়ীরা জানান, বাজেটের প্রভাবে এখন এলাচি, জিরা, গোলমরিচ ও দারুচিনি আমদানিতে গড়ে মোট শুল্ক কর দিতে হচ্ছে ৬৮ দশমিক ৫ শতাংশ। এই হার আগে ছিল ৬১ শতাংশ। অর্থাৎ সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে এসব পণ্যে গড়ে শুল্ক কর বেড়েছে সাড়ে ৭ শতাংশ।

কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে এই চার ধরনের মসলা আমদানি হয়েছে ৩২ হাজার ৬৬৬ মেট্রিক টন। এর বিপরীতে সরকার রাজস্ব পেয়েছে ২৮৭ কোটি টাকা। শুল্ক বাড়ানোর কারণে আগামী ২০১৭-১৮ অর্থবছরে এসব পণ্য থেকে বাড়তি রাজস্ব আসতে পারে ৫০ থেকে ৬০ কোটি টাকা।

ব্যবসায়ীদের বলেন, সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে কেজিপ্রতি দারুচিনিতে ৬ টাকা, জিরায় ১৫ টাকা, গোলমরিচে ২৫ টাকা এবং এলাচিতে ৬০ টাকা শুল্ক কর দিতে হবে।