দাম বাড়লেও তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী
পবিত্র রমজানের আগেই নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে নানামুখী কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। একবার বলেছেন, রোজার আগেই সব জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে দাম বাড়ানো অপরাধ। আবার বলেছেন, নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। তবে দাম বাড়লেও বাজার তদারকি চলছে বলে মন্তব্য করেন তিনি।বেসরকারি টিভি চ্যানেল দেশটিভি আয়োজিত ‘বাজার ও দ্রব্যমূল্য: বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সংলাপ’ শীর্ষক সংলাপে দ্রব্যমূল্য নিয়ে এমন সব মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল এ সংলাপ অনুষ্ঠিত হয়।দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূরের সূচনা বক্তব্যের পরই বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। পরে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।বাণিজ্যমন্ত্রীর বক্তব্য: বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রোজায় চাহিদা বেড়ে যায় বলে পণ্যের দামও কিছুটা বেড়ে যায়। কিন্তু রোজা আসার আগেই কৃত্রিমভাবে সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে কিছু পণ্যের ক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি।’ তিনি জানান, ট্যারিফ কমিশনের হিসাবের চেয়ে বেশি দামে পেঁয়াজ-রসুন বিক্রি হচ্ছে।জি এম কাদের বলেন, বাজার তদারকির বিষয়ে মন্ত্রণালয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এখনো হয়তো সুফল পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া বাজার তদারকি সম্ভব নয়।বাণিজ্যমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ ঠিক রাখা এবং ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে। তবে শুধু ক্রেতাদের কথা চিন্তা করলেই হবে না, বিক্রেতার কথাও ভাবতে হবে। না হয়, ব্যবসায়ীরা সব লোকসান দিয়ে ব্যবসা গুটিয়ে চলে যাবেন।বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে কম দামে পণ্য বিক্রির মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করা যায়। তবে যতটুকু মজুদ থাকলে কার্যকরভাবে হস্তক্ষেপ করা যায়, সে সুযোগ টিসিবির নেই। টিসিবির সক্ষমতা বাড়ানো হচ্ছে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মন্ত্রী হওয়ার পর আমারও মনে হয়েছিল টিসিবি কেন আছে? পরে দেখলাম, বাজারে হস্তক্ষেপ করার জন্য এর প্রয়োজন রয়েছে।’ তিনি বলেন, ‘টিসিবিকে শক্তিশালী করা না গেলে এটি রাখার কোনো মানে নেই।’বেশি দামে শিল্প মন্ত্রণালয়ের চিনি বিক্রি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ওনারা যদি বেশি দামে চিনি বিক্রি করে, তাহলে তাদেরটা কেউ কিনবে না। বাজারে ৬০ টাকা দরে প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে। আমি মনে করি, ৬০ টাকা দরে চিনি কেনার মতো বহু মানুষ আছেন।’ মন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম সব সময় সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব নয়। তবে দ্রব্যমূল্য এখন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। অন্যদের বক্তব্য: বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি এ কে আজাদ বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, টাকার মান পড়ে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি, পণ্য পরিবহনে চাঁদাবাজি, বিদ্যুতের দাম বৃদ্ধিসহ সব ব্যবস্থাপনা ও অব্যবস্থাপনার ব্যয় পণ্যের দামের ওপর গিয়ে পড়ে। তিনি বলেন, দেশে তিন কোটি ব্যবসায়ী রয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন কিংবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে সবার কাজ তদারকি করা সম্ভব নয়। এ জন্য সরকারের তদারকি আরও জোরদার করতে হবে।কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বাজার অর্থনীতিতে মূল্য নির্ধারণের সুযোগ না থাকলেও বাজারে হস্তক্ষেপ করা সম্ভব। এ অবস্থায় টিসিবিকে শক্তিশালী করার জন্য একে তহবিল দেওয়া, দক্ষ জনবল নিয়োগ দেওয়ার বিষয়ে সময় বেঁধে পদক্ষেপ নিতে হবে। জেলায় জেলায় ভোক্তা সমিতি গড়ে তোলার কথা বলেন তিনি।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘ডিম ও দুধের দাম এমনভাবে বেড়েছে যে মধ্যবিত্ত পরিবারের লোকেরা সন্তানদের ডিম খাওয়ালে দুধ খাওয়াতে পারছেন না, দুধ খাওয়াতে পারলে ডিম খাওয়াতে পারছেন না।’ক্যাবের সভাপতি কাজী ফারুক বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি ভোক্তা। কিন্তু ভোক্তাদের কথা কেউ শোনে না।প্রথম আলোর সহকারী সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘নিত্যপণ্য নিয়ে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় আছে বলে মনে হয় না। বাজারে যেখানে ৫৫ টাকায় চিনি বিক্রি হচ্ছে, তখন শিল্প মন্ত্রণালয় ৬০ টাকা কেজি দরে চিনি বিক্রি শুরু করেছে। তাহলে ভোক্তার স্বার্থ রক্ষা হলো কীভাবে?’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘মাননীয় মন্ত্রী অনেক আশার বাণী শোনাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, সীমিত আয়ের মানুষেরা কষ্টে আছেন।’নারীনেত্রী খুশী কবীর বলেন, ‘মন্ত্রণালয় শুধু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে। ভোক্তাদের সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করতে হবে।’বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, অর্থদণ্ড ব্যবসায়ীদের জন্য কোনো বিষয়ই নয়। দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে যদি তাঁদের কারাদণ্ড দেওয়া যায়, তাহলে পণ্যমূল্য কিছুটা কমতে পারে।