দাম বেড়ে ২৬ কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় দিন অব্যাহতভাবে বাড়ার পর গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কিছুটা কমেছে। শেয়ারে বিনিয়োগের বিপরীতে প্রাপ্য ঋণসুবিধা কমানোর সিদ্ধান্তের প্রভাবেই সূচক কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকেরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঋণ কমানোর সিদ্ধান্তে সূচক কিছুটা কমলেও সামগ্রিকভাবে বাজারের ঝুঁকি আরও বেড়েছে। কারণ, ঋণ কমানোর প্রভাবে অপেক্ষাকৃত ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দামই কমেছে। উল্টো বেড়েছে তুলনামূলক দুর্বল মৌলভিত্তির ঋণসুবিধা-বহির্ভূত কোম্পানির শেয়ারের দাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ঋণসুবিধা-বহির্ভূত অন্তত ২৬টি কোম্পানির শেয়ারের দাম এত বেড়েছে যে, একপর্যায়ে সেগুলো বিক্রেতাশূন্য (হল্টেড) হয়ে যায়। আরও দাম বাড়ার প্রত্যাশায় বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ার হাতছাড়া করতে চাননি। কোম্পানিগুলো হলো: মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা, সিএমসি কামাল, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যামবি ফার্মা, সাভার রিফ্যাক্টরিজ, বিডি অটোকারস, সাফকো স্পিনিং, স্টান্ডার্ড সিরামিকস, দেশ গার্মেন্টস, আজিজ পাইপ, কে অ্যান্ড কিউ, মুন্নু সিরামিকস, ইমাম বাটন, এইচ আর টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, তাল্লু স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং, রহিম টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, সোনালী আঁশ, মুন্নু স্টাফলার, চিটাগাং ভেজিটেবল, মিথুন নিটিং, মুন্নু জুটেক্স, আলহাজ টেক্সটাইল ও লিবরা ইনফিউশন।খোঁজ নিয়ে জানা গেছে, এসব কোম্পানির প্রায় সবগুলো ঋণসুবিধার বাইরে রয়েছে। অথচ একেকটি কোম্পানির শেয়ারের দাম এক দিনেই সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। শেয়ারের দাম বাড়লেও এর মধ্যে অনেক কোম্পানিই বছরের পর বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয় না। কোনো কোনোটি আবার দীর্ঘদিন পর সদ্যসমাপ্ত বছরে ১০ শতাংশ বোনাস দিয়ে ভালো মৌলভিত্তির কাতারে, অর্থাৎ ‘এ’ শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে। এই তালিকায় অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামালের মালিকানাধীন কোম্পানি সিএমসি কামালও রয়েছে। এক বছর আগেও ১০০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানিটির শেয়ার ১৩০ টাকায় লেনদেন হতো। কিন্তু এখন অভিহিত মূল্য ১০ টাকায় পরিবর্তন করার পর গতকাল শেয়ারটি সর্বোচ্চ ২৫৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। অর্থাৎ গত এক বছরে এ কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ২০ গুণ বেড়েছে। অন্যদিকে ৯০ টাকার চিটাগাং ভেজিটেবলের শেয়ার লেনদেন হচ্ছে তিন হাজার ৫৮০ টাকায়। তার মানে গত এক বছরের এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩৫ গুণেরও বেশি। অথচ কোম্পানিটির দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল বলেই ডিএসই সূত্রে জানা গেছে।বিনিয়োগকারীদের অভিযোগ, এসব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক মাত্রায় বাড়লেও এসইসি বা ডিএসইর তেমন কোনো সক্রিয়তা চোখে পড়ে না। কখনো কখনো কেবল দাম বাড়ার কারণ জানতে চাওয়ার মধ্য দিয়েই দায়িত্ব শেষ করে নিয়ন্ত্রক সংস্থা। আবার দু-একটি কোম্পানির ব্যাপারে একেবারেই নির্বিকার থাকে তারা। অথচ ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম বাড়লেই তাদের যত মাথাব্যথা। হাবিবুর রহমান নামের একজন বিনিয়োগকারী প্রথম আলোকে বলেন, ‘ঋণ কমানোর মাধ্যমে এসইসি সূচক কমাতে চায় না দুর্বল মৌলভিত্তির শেয়ারের দাম আরও বাড়াতে চায়, তা আমাদের কাছে পরিষ্কার নয়। কারণ, যতবারই ঋণ কমানো হয়েছে, ততবারই ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম কমে দুর্বল মৌলভিত্তির শেয়ারের দাম বেড়েছে। অথচ এসইসির চেয়ারম্যান বলেছিলেন, ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণে সূচক বাড়লে তাঁদের কোনো আপত্তি থাকবে না।’ যোগাযোগ করা হলে এসইসির সদস্য মনসুর আলম বলেন, এটা ঠিক, ঋণ কমানোর ফলে কোনো কোনো দুর্বল কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। বিনিয়োগকারীরা নিজের টাকা দিয়ে অতিমূল্যে এসব শেয়ার কেনার ঝুঁকি নিচ্ছেন। কিন্তু ঋণ নিয়ে বিনিয়োগের যে ঝুঁকি, সেই ঝুঁকিটা এখানে থাকছে না।মনসুর আলম বলেন, এসইসি বাজারে সব সময় নজরদারি জারি রেখেছে। এটা অব্যাহত থাকবে। কোথাও কোনো কারসাজির ঘটনা ঘটলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট কমে আট হাজার ৫২১ পয়েন্ট হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক ২১৩ পয়েন্ট কমে ২৪ হাজার ১২২ পয়েন্টে নেমে এসেছে।