দেশে দারিদ্র্য কমলেও তা নিয়ে আত্মতুষ্টির কিছু নেই। কেননা দেশে ধনী-গরিবের মধ্যে আয়বৈষম্য বাড়ছে। আর তাই সম্পদের সুষম বণ্টনের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।গতকাল মঙ্গলবার ইকোনমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় তাঁরা আরও বলেন, শুধু প্রবৃদ্ধিনির্ভর অর্থনৈতিক উন্নয়ন নয়, মানব উন্নয়ন সূচকেও ভালো অবস্থান থাকতে হবে। কেননা, এখনো প্রায় পাঁচ কোটি লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ‘দারিদ্র্য বিমোচন: আমাদের অবস্থান কোথায়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন।এতে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন, বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রায়হান, ইআরএফের সাধারণ সম্পাদক আবু কাওসার প্রমুখ।পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার বলেন, দারিদ্র্য অবস্থার সুনির্দিষ্ট সংজ্ঞা বা মাপকাঠি নেই, এটি অনুভবের বিষয়। দেশে ২০০৫ সালের তুলনায় দারিদ্র্যের হার কমলেও ধনী-দরিদ্রের ব্যবধান বেড়েছে। সরকার দারিদ্র্য নিরসনে আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন, তবুও ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা চিন্তা করে সরকার খাদ্য কিনছে।এ কে খোন্দকার আরও বলেন, ‘আমরা কেউই দুর্নীতির বাইরে নই। দারিদ্র্য নিরসন করতে হলে সমাজকে এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে।’মির্জ্জা আজিজ বলেন, ২০০৫ সালে দারিদ্র্যসীমার নিচে বসবাবস করত ৪০ শতাংশ জনগোষ্ঠী। ২০০৮ সালে এসে তা দাঁড়িয়েছে ৩৮ শতাংশের কিছু বেশি। সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপের প্রাথমিক হিসাবে তা ৩০ থেকে ৩২ শতাংশে নেমে আসার খবর শোনা যাচ্ছে। কিন্তু গত দুই বছরে ছয় থেকে আট শতাংশ দারিদ্র্য কমে গেছে—এই তথ্য গ্রহণযোগ্য নয়।মির্জ্জা আজিজের মতে, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের চারটি উপায় কার্যকর করতে হবে। প্রথমত, প্রতি পাঁচ বছরে মোট দেশজ আয় (জিডিপি) এক শতাংশ করে বেড়েছে। এই ধারা অব্যাহত রাখতে অবকাঠামো উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসাসংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শক্তিশালী করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। দ্বিতীয়ত, রপ্তানি বাড়িয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব। কেননা তৈরি পোশাক খাতে বিপুল পরিমাণ নারীশ্রমিক কাজ করছে। তৃতীয়ত, প্রবাসী আয় বাড়াতে মধ্য এশিয়া ও পূর্ব এশিয়ার দেশগুলোতে নতুন শ্রমবাজার খুঁজতে হবে। চতুর্থত, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়াতে হবে।মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘দারিদ্র্য বিমোচনের নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। এটা হতে পারে এমন, ২০১৫ সালের মধ্যে তিন কোটি লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করবে, আর ২০২১ সালের মধ্যে কোনো লোক দারিদ্র্যসীমার নিচে থাকবে না।’মোহাম্মদ ফরাসউদ্দিন আরও বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থা সুদৃঢ় হতে হবে। কেউ একবার দারিদ্র্যসীমার ওপরে উঠলে তা যেন টেকসই হয়। প্রবৃদ্ধিনির্ভর অর্থনীতির পরিবর্তে দারিদ্র্য নিরসনে শিক্ষাকেই বেশি প্রাধান্য দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।ফরাসউদ্দিন বলেন, শুধু মধ্য আয়ের দেশ হতে হবে এমন লক্ষ্যের পাশাপাশি উচ্চ মানব উন্নয়ন সূচকে অগ্রসর হতে হবে। কেননা উচ্চ মানব উন্নয়ন সূচকে শিক্ষা, স্বাস্থ্য, আয়—সবকিছুই অন্তর্ভুক্ত হয়। তিনি দারিদ্র্য নিরসনের চেয়ে দারিদ্র্য দূরীকরণের ওপর জোর দেন।বিনায়ক সেন বলেন, দারিদ্র্য রেখার ওপরে-নিচে প্রায় পাঁচ থেকে দশ শতাংশ জনগোষ্ঠী ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ভোগ্য পণ্যের দাম একটু বাড়লেই তারা দারিদ্র্যসীমার নিচে চলে যায়, আবার দাম একটু কমলেই তারা দারিদ্র্যসীমার ওপরে ওঠে।’ এই জনগোষ্ঠীকে দারিদ্র্যসীমার ওপরে রাখার টেকসই উপায় জানা নেই বলে তিনি মন্তব্য করেন।জাহিদ হোসেন বলেন, আঞ্চলিক আয়বৈষম্য দূর করতে যোগাযোগব্যবস্থা সহজ করতে হবে। এ ছাড়া সম্পদের সুষম বণ্টনের প্রতি আরও বেশি নজর দিতে হবে।