দারিদ্র্য কমানোর সাফল্য দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঢাকায়

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তিন দিনের সফরে গতকাল রোববার ঢাকায় এসেছেন। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য ও বিমোচনের কৌশল সরেজমিনে দেখতেই বাংলাদেশে এসেছেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিকেলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আজ সোমবার ‘আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস’। দিবসটি এ বছর ঢাকায় পালন করছে বিশ্বব্যাংক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বেলা তিনটায় রয়েছে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক গণবক্তৃতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। এতে বিশেষ বক্তব্য দেবেন দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণকারী দ্বিতীয় দফায় নিয়োগ পাওয়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বব্যাংকের নতুন প্রধান অর্থনীতিবিদ পল রোমার।
জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ ‘অ্যান্ড পোভার্টি’ শীর্ষক সংগীত পরিবেশন করবেন। ‘সমৃদ্ধ বাংলাদেশ’ নামে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করা হবে অনুষ্ঠানে। এরপর ‘২০৩০ সালের মধ্যে দারিদ্র্য নিরসন: বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক প্যানেল আলোচনায়ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বক্তব্য দেবেন। এই আলোচনায় আরও অংশ নেবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পল রোমার, অ্যাকশন এইড-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং মোহাম্মদী গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রুবানা হক।
তবে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দিন শুরু হবে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের মাধ্যমে। ঘণ্টাব্যাপী বৈঠকের পর সচিবালয়েই রয়েছে অর্থ মন্ত্রণালয়-বিশ্বব্যাংকের যৌথ সংবাদ সম্মেলন।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে এমন কয়েকটি প্রকল্প দেখতে কাল মঙ্গলবার সকালে বরিশাল যাবেন জিম ইয়ং কিম। দুপুরে ফিরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং বিকেলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা ছাড়বেন।
বিশ্বব্যাংকের তথ্য-উপাত্ত অনুযায়ী, দুই দশকে বাংলাদেশ দুই কোটি মানুষকে দারিদ্র্য অবস্থা থেকে বের হয়ে আসতে সহায়তা করেছে। ১৯৯১ সালে দারিদ্র্যের হার ছিল ৪৪ দশমিক ২ শতাংশ। ২০১০ সালে তা ১৮ দশমিক ৫ শতাংশে নেমে আসে। ১৯৯০ সালের তুলনায় বাংলাদেশে কর্মজীবী নারী এখন দ্বিগুণ। এ ছাড়া মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে প্রথম চীনের পরই দ্বিতীয় অবস্থান বাংলাদেশের।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যেসব দেশের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বিশ্বের সবার কাছে অনুকরণীয় হতে পারে, সেসব দেশই পরিদর্শনে যান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। যেমন গত বছর ঘানায় যান। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের পদক্ষেপগুলো বিশ্বব্যাপী তুলে ধরতেই তাঁর বাংলাদেশ সফর।’
জাহিদ হোসেন আরও বলেন, এখনো দুই কোটি হতদরিদ্র এবং আরও দুই কোটি দরিদ্র জনগোষ্ঠী আছে বাংলাদেশে। এই সংখ্যা দুটি শ্রীলঙ্কার সমান। এটাকে কম ভাবলে চলবে না। অনেক অর্জন অর্জিত হয়েছে ঠিক, চ্যালেঞ্জগুলো মোকাবিলায়ও বহুদূর যেতে হবে।
জিম ইয়ং কিমসহ বিশ্বব্যাংকের এ পর্যন্ত পাঁচজন প্রেসিডেন্ট বাংলাদেশে আসেন। সর্বশেষ ২০০৭ সালে এসেছিলেন বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। এরও আগে আসেন পল উলফোভিৎজ, জেমস উলফেনসন ও রবার্ট ম্যাকনামারা।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু নিজেদের অর্থায়নে হচ্ছে। কিন্তু বাংলাদেশের অবকাঠামো খাতের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তার দরকার রয়েছে। আর সে কারণেই দরকার সংস্থাটির সঙ্গে সুসম্পর্ক থাকাও। আহসান এইচ মনসুর আশা প্রকাশ করেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে যে তিক্ততা তৈরি হয়েছিল, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের এই সফরের পর তা আর একেবারেই থাকবে না।