দারিদ্র্য কমার গতি ধীর হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দারিদ্র্য আগের মতো কমছে না। প্রতিবছর দারিদ্র্য কমলেও ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত দারিদ্র্য যে হারে কমেছে, ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে সে হারে কমেনি। কেননা, মাসিক পারিবারিক আয় বৃদ্ধির শ্লথগতি এবং মাসিক পারিবারিক ব্যয় বৃদ্ধির ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৩, ২০০৭ ও ২০১১-এর খানা জরিপ বিশ্লেষণ করে এবং আরও কিছু বিষয় বিবেচনায় নিয়ে প্রক্ষেপণ করে এসব তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। ‘আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস’ উপলক্ষে সংস্থাটির বার্ষিক এই গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
দারিদ্র্য কমার হার কমে যাওয়ার কারণ হিসেবে উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে মূলত চারটি কারণ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো: যে হারে মানুষের ব্যয় বেড়েছে, সে হারে আয় না বাড়া; প্রতিবছরই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়া; যে হারে মানুষ শ্রমবাজারে এসেছে, সে হারে কর্মসংস্থান তৈরি না হওয়া এবং স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতে রাষ্ট্রীয় ব্যয় কমা।
উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ থেকে ২০০৫ সালে দেশে দারিদ্র্য ৯ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট কমলেও পরবর্তী পাঁচ বছরে (২০০৫-১০) এই কমার হার ছিল ৮ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট। অর্থাৎ পরবর্তী পাঁচ বছরে ০.৪ শতাংশীয় পয়েন্ট কম হারে দারিদ্র্য হ্রাস পেয়েছে।
দারিদ্র্যের অন্য সনাতনী পরিমাপ তথা দারিদ্র্যের গভীরতা (মানুষ দারিদ্র্যসীমার কতটা কাছাকাছি) এবং দারিদ্র্র্যের ব্যাপকতা (মানুষের মাঝে ভোগের বণ্টন) ব্যবহার করলেও দেখা যায় দারিদ্র্য কমার হার হ্রাস পেয়েছে। দারিদ্র্যের গভীরতা ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ৫ দশমিক ৯৪ শতাংশ হারে কমলেও ২০০৫-১০ সালে এ হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে, গত পাঁচ বছরে (২০০৫-১০) দারিদ্র্যের ব্যাপকতা কমার হার ছিল ৬ দশমিক ২১ শতাংশ। কিন্তু তার আগের পাঁচ বছরে (২০০০-০৫) এ হার ৭ দশমিক ৩৯ শতাংশ ছিল।
আবার ‘সক্ষমতা পরিমাপ’ পদ্ধতিতে প্রধানত মানব উন্নয়ন সূচক পরিমাপ করা হয়। গবেষণায় দেখা গেছে, মানব উন্নয়ন সূচকের মান ২০১০ সালে দশমিক ৪৫৩ থেকে প্রতিবছর ৪ দশমিক ৫৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ২০১২ সালে দশমিক ৫১৫-তে উন্নীত হয়েছে। অন্যদিকে, অসাম্য সমন্বিতকরণ মানব উন্নয়ন সূচকের মান ২০১০ সালে ছিল দশমিক ৩৩১, যা ৪ দশমিক ৩৩ শতাংশ হারে বেড়ে ২০১২ সালে দশমিক ৩৭৪-তে উন্নীত হয়েছে।
যেহেতু সঠিক সাম্যাবস্থায় মানব উন্নয়ন সূচক ও অসাম্য সমন্বিতকরণ মানব উন্নয়ন সূচকের মান একই, তাই মানব উন্নয়ন সূচকের তুলনায় অসাম্য সমন্বিতকরণ মানব উন্নয়ন সূচকের এই মান বৃদ্ধির শ্লথগতি দারিদ্র্য নিরসনে একটি বিরূপ প্রভাব নির্দেশ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।