২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার বর্তমানের ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনা হবে। আর দেশ থেকে সম্পূর্ণভাবে নিরক্ষরতা দূর করা হবে ২০১৪ সালের মধ্যেই। তবে বাংলাদেশের একার পক্ষে তা বাস্তবায়ন করা কঠিন।উন্নয়ন-সহযোগীদের কাছে এ জন্য প্রতিবছর যে দুই শ থেকে আড়াই শ কোটি ডলার পাওয়া যায়, তা যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে হলেও সহায়তার পরিমাণ বাড়াতে পারে উন্নয়ন-সহযোগীরা।১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকে এসবই তুলে ধরা হবে।বিডিএফের বৈঠকে উন্নয়ন-সহযোগীদের আরও জানানো হবে, বছরখানেক আগেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গিয়েছিল। গণতন্ত্রের পথে এসে দ্রব্যমূল্য অনেকখানিই সহনীয় পর্যায়ে এসেছে। নির্বাচনী ইশতেহারে দিনবদলের যে ডাক দেওয়া হয়েছে, তারই পথ ধরে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।এ বিষয়ে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। ইআরডির সচিব মোশারফ হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশে ডিএফআইডির প্রধান প্রতিনিধি ক্রিস অস্টিন এতে বক্তব্য দেন।ইআরডির সচিব বলেন, দেশের অর্থনীতির সূচক, এযাবত্কালের অর্জন, আরও অর্জন সক্ষমতা, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং উন্নয়ন-সহযোগীদের ভূমিকা নিয়ে বিডিএফের বৈঠকে আলোচনা হবে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ডিএফআইডি, ইউএসএইড, কানাডিয়ান সিডা, ডেনমার্ক এবং স্থানীয় পরামর্শক দলের (এলসিজি) শীর্ষ পর্যায়ের নেতারা এতে অংশ নেবেন। বৈঠকে উন্নয়ন-সহযোগীদের দিক থেকে নেতৃত্ব দিচ্ছে ডিএফআইডি।ইআরডির সচিব আরও জানান, এত দিন বিশ্বব্যাংকের নেতৃত্বে উন্নয়ন-সহযোগীদের এই বৈঠক হতো প্যারিসে। তাই এর নামকরণ হয়েছিল প্যারিস বৈঠক। সর্বশেষ ২০০৫ সালে প্যারিসে এমন বৈঠক অনুষ্ঠিত হয়।সচিব জানান, উন্নয়ন-সহযোগী বা দাতা সংস্থাগুলোর পাশাপাশি এবারের বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দিচ্ছে চীন, ভারত, সৌদি আরব, কুয়েত, কোরিয়া, আবুধাবি প্রভৃতি দেশ।বৈঠকে উন্নয়ন-সহযোগীদের নির্বাচনী ইশতেহার, দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি), ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত-২০২১ অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কথা জানানো হবে। সম্পদের ঘাটতি পূরণসহ সরকার চাইবে, উল্লিখিত চার পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন-সহযোগীরা বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করুক। এ ছাড়া বাংলাদেশের মূল চাওয়া হবে শুল্কমুক্ত বাজার-সুবিধা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)।উন্নয়ন কৌশল, সুশাসন ও মানবসম্পদ উন্নয়নের ওপর এ ব্যাপারে একটি খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।ইআরডির সচিব এ প্রসঙ্গে বলেন, যারা সহায়তা করবে তাদেরও জানা উচিত, কোন কোন খাতে কী পরিমাণ সহায়তা করতে হবে। সেগুলো চিহ্নিত করবে উন্নয়ন-সহযোগীরা। তিনি জানান, ‘দারিদ্র্য নিরসন কৌশলপত্র নিয়ে প্রথমবারের মতো সংসদে আলোচনা হচ্ছে এবার। এটি অবশ্যই উল্লেখযোগ্য ঘটনা।’ক্রিস অস্টিন বলেন, ‘বাংলাদেশের পরবর্তী চার থেকে পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিডিএফের বৈঠকে আলোচনা হবে। এতে বাংলাদেশ তার কার্যসূচি তুলে ধরবে; আর উন্নয়ন-সহযোগীরা ভাববে, কোন খাতে কীভাবে এবং কত পরিমাণ সহায়তা দেওয়া যায়।’সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫ শতাংশে ও বেকারত্বের হার ৪ শতাংশে নামিয়ে আনা, মাথাপিছু আয় এক হাজার ৮০০ ডলারে উন্নীত করা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন, আয়বৈষম্য হ্রাসকরণ, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যাপারেও উন্নয়ন-সহযোগীদের কাছে সহযোগিতা চাওয়া হবে।এতে আরও বলা হবে, আগামী দিনে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি হবে দরিদ্রবান্ধব। জিডিপির প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ৬ শতাংশ, ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ এবং ২০১১-১২ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশে উন্নীত করতে চায় বাংলাদেশ। দেশের কর রাজস্ব অনুপাত যথেষ্ট কম হলেও বাড়ানো হবে এর আওতা। বর্তমানের ১১ শতাংশ থেকে বাড়িয়ে কমপক্ষে তা ১৩ দশমিক ৬০ শতাংশে উন্নীত করা হবে। আর এসব পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন-সহযোগীদের ভূমিকা একান্তভাবে কাম্য। বৈঠকে প্রথম দিন তিনটি ও দ্বিতীয় দিন তিনটি করে মোট ছয়টি অধিবেশন হবে। উন্নয়ন-কৌশল, সুশাসন ও মানবসম্পদ উন্নয়নের ওপর অনুষ্ঠেয় প্রথম অধিবেশনে সব মন্ত্রণালয়ের সচিবেরা অংশ নেবেন। দিনের অন্য দুটি অধিবেশন হবে বিদ্যুত্ ও জ্বালানি এবং কৃষি, খাদ্যনিরাপত্তা ও পানিসম্পদের ওপর।দ্বিতীয় দিনের অধিবেশনগুলো হবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; পরিবহন ও যোগাযোগ এবং ডিজিটাল বাংলাদেশ ও আইসিটি উন্নয়নের ওপর। অধিবেশনগুলোতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।