দারিদ্র্য নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে দারিদ্র্য নিরসন ও সম্ভাবনাময় তরুণদের পৃষ্ঠপোষকতা করতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। এ কারণে সম্ভাবনাময় তরুণদের পৃষ্ঠপোষকতার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতকে আগামী ১০ বছরের জন্য করমুক্ত করা প্রয়োজন বলে মনে করে প্রতিষ্ঠানটি।
২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে গত বুধবার ইনস্টিটিউটের রুহুল কুদ্দুস মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করে আইসিএমএবি। এতে আইসিএমএবির প্রেসিডেন্ট আবু সাইদ শায়খুল ইসলাম এসব কথা বলেন। তিনি একই সঙ্গে সার্বিক উন্নয়নকে বেগবান করতে সরকারি-বেসরকারি অংশীদার প্রকল্পের উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং শিল্পায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা আজিজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনী, মানবসম্পদ উন্নয়ন ও নির্ধারিত সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন। আয়বৈষম্য দূর করার মধ্য দিয়ে সমাজের ধনী-গরিবের ব্যবধান কমানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য চৌধুরী আমির হোসেন, অর্থনীতিবিদ আবু আহমেদ, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিজ্ঞপ্তি।