দারিদ্র্য বিমোচনে ব্যক্তি খাতকে এগিয়ে আসার তাগিদ
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, অতিদারিদ্র্য দূরীকরণে ব্যক্তি খাতকে অধিকতর কাজে লাগানোর বিষয়ে ঢাকায় গত মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘সিঁড়ি’ নামে পরিচিত ইকোনমিক এমপাওয়ারমেন্ট অব দ্য পুওরেস্ট এই আলোচনা সভার আয়োজন করে। এতে কেয়ার বাংলাদেশের বেসরকারি খাত উন্নয়ন কর্মসূচির পরিচালক আসিফ উদ্দিন আহমেদ, সিঁড়ির প্রধান নির্বাহী কর্মকর্তা কলিন রিজনার, কর্মসূচি ব্যবস্থাপক সুতাপা পল, অ্যাডভোকেসি-প্রধান সাজিয়া ওমর, সেভ দ্য চিলড্রেনের পরিচালক মুনির বক্তব্য দেন।কলিন রিজনার বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন খাত দ্রুত বেড়ে উঠছে। আমাদের নিশ্চিত করতে হবে যে এই ক্রমবর্ধমান প্রক্রিয়ার সঙ্গে সমাজের সবই, বিশেষ করে অতিদরিদ্র জনগোষ্ঠী সম্পৃক্ত।’ মুনির বলেন, ‘অতিদরিদ্রদের নিয়ে কাজ করতে উৎসাহী কোম্পানিগুলোর একটি তালিকা প্রস্তুত করা প্রয়োজন। সেই সঙ্গে দেখা দরকার যে কী ধরনের বাজার তাদের জন্য উপযোগী ও লাভজনক। তাহলে তা আমাদের কাজে লাগতে পারে।’সভায় অন্যান্য এনজিওর মধ্যে নেটজ বাংলাদেশ, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র, উত্তরণ, কারিতাস, অক্সফাম, কনসার্ন, প্ল্যান বাংলাদেশ ও ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।সিঁড়ি হচ্ছে ইউকে এইড ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত একটি অতিদারিদ্র্য বিমোচন কর্মসূচি, যা ২০১৫ সালের মধ্যে ১০ লাখ লোকের অতিদরিদ্র অবস্থা থেকে উন্নতির জন্য কাজ করছে। বিজ্ঞপ্তি।