দারিদ্র্য বিমোচনে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে দারিদ্র্য বিমোচনে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। এ জন্য বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও কাজে লাগাতে হবে। গতকাল শনিবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ইউকেএইডের সহায়তায় পরিচালিত ‘সিড়ি’ কর্তৃক যৌথভাবে আয়োজিত এক নীতি সংলাপে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউ ডেইলি স্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (ইমেরিটাস) জিওফ উড। বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, অর্থনীতিবিদ এম এম আকাশ, তথ্য কমিশনার সাদেকা হালিম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মহাব্যবস্থাপক এম এ হাকিম, সাংসদ তারানা হালিম, বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আনোয়ারুল হক, প্র্যাকটিক্যাল একশনের কান্ট্রি ডিরেক্টর ভিনা খালেক, পিপলস এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের প্রতিনিধি শিশির শীল প্রমুখ।মূল প্রবন্ধে জিওফ উড জানান, বাংলাদেশের দারিদ্র্য কর্মসূচিতে কিছু অবাস্তব চিন্তাভাবনা রয়েছে, যা দূর করতে হবে। এ ছাড়া টেকসই দারিদ্র্য বিমোচনও বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ। তাঁর মতে, ক্ষুদ্র অর্থায়ন দারিদ্র্য বিমোচনের বড় হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু অতি দরিদ্রদের কাছে এই অর্থ-সহায়তা পুরোপুরি পৌঁছানো যাচ্ছে না। জিওফ উড বলেন, ‘দারিদ্র্য বিমোচন শুধু কারিগরি বিষয় নয়, এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে। একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের পদক্ষেপ নিতে হবে। শ্রমবাজার সুবিধা আরও বাড়াতে হবে। আয়নির্ভর উদ্যোগ নিতে হবে।’মাহফুজ আনাম বলেন, ‘দারিদ্র্য বিমোচনের উদ্যোগগুলো বেশ ভালো। আমরা সব সময়ই ভালো শুরু করি। তবে পরে তা অব্যাহত রাখতে পারি না।’এম এম আকাশের মতে, টেকসই দারিদ্র্য বিমোচনই বড় চ্যালেঞ্জ। ব্যক্তি ও এনজিওনির্ভর উদ্যোগের চেয়ে রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বেশি নিতে হবে। সুষম প্রবৃদ্ধির জন্য উদ্যোগগুলোর মধ্যে গরিব মানুষের মালিকানা প্রতিষ্ঠিত করা উচিত। শাহীন আনাম বলেন, দারিদ্র্যের কারণে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না, বৈষম্য বাড়ছে। এ জন্য কাঠামোগত পরিবর্তন দরকার। হরিজন সম্প্রদায়, যৌনকর্মীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে আনতে হবে বলে তিনি মত দেন। তাঁর মতে, দারিদ্র্য বিমোচনসংক্রান্ত কর্মসূচিগুলোর সঙ্গে বেসরকারি সংস্থাগুলোকে সম্পৃক্ত করা দরকার। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। সাদেকা হালিম বলেন, দেশের হাজার হাজার দরিদ্র মানুষের আনুষ্ঠানিক কোনো কর্মসংস্থান নেই। এসব লোকের কর্মসংস্থান না হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। ‘এখনো দরিদ্র্য মানুষকে ভোট ব্যাংক হিসেবে দেখা হয়’ বলে মন্তব্য করে তিনি বলেন, দরিদ্র মানুষকে নিয়ে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা উচিত। তারানা হালিম বলেন, দারিদ্র্য বিমোচনকে রাজনৈতিক ইস্যু হিসেবে না দেখে জাতীয় ইস্যু হিসেবে দেখতে হবে। তাঁর মতে, শুধু সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। তারানা হালিম আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন করা উচিত। এতে অতি দরিদ্র ব্যক্তিরা দারিদ্র্যসীমার ওপরে উঠে আসবে। শিশির শীল বলেন, দারিদ্র্য বিমোচনে রাজনৈতিক সদিচ্ছার দরকার। কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে।ভিনা খালেক বলেন, দারিদ্র্য বিমোচন করতে হলে সামগ্রিকভাবে প্রযুক্তির উন্নয়ন করতে হবে।