দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টায় শিক্ষা ও স্বাস্থ্যে মনোযোগ দেওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমছে না। স্বাধীনতার অব্যবহিত পরে যে সংখ্যক মানুষ দরিদ্র ছিল, সংখ্যার হিসাবে এখনো তা-ই রয়ে গেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিসাব অনুযায়ী, দরিদ্রদের মধ্যে ৪১ শতাংশেরই প্রকৃত দৈনিক আয় ২২ টাকারও কম।তবে এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টায় দুই দশক ধরে নিয়োজিত রয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। পিকেএসএফ গঠনই করা হয়েছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে। আর দারিদ্র্য নিরসনের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্যের দিকে মনোযোগ বাড়ানোও জরুরি হয়ে পড়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী পিকেএসএফের ২০ বছর পূর্তি ও উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার বক্তারা এসব কথা বলেছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আয়ের পথ বাড়ানো, দারিদ্র্য জয় তথা জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে পিকেএসএফ। মাত্র ৩০ লাখ টাকার কর্মসূচির ব্যাপ্তি বর্তমানে কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে এই অগ্রগতিকে আরও সামনে নিয়ে যেতে হবে। সে জন্য দরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে মনোযোগ বাড়ানো। তবেই না একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠবে। শিক্ষামন্ত্রী বলেন, ‘ভাষার জন্য জীবন দিয়েছি আমরা। কিন্তু দুঃখজনক যে দেশের অর্ধেক মানুষ এখনো সেই ভাষাটি পড়তে পারে না। দারিদ্র্যের কারণেই এমনটি হচ্ছে। তাই দারিদ্র্যকে জয় করতে হবে।’ পিকেএসএফের নতুন উদ্যোগ ‘দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পরিবারকেন্দ্রিক সমন্বিত উন্নয়ন’ দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী। কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, টেকসই অগ্রগতি ও প্রত্যেককে মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করা আমাদের জাতীয় লক্ষ্য। এ জন্য অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ দরকার। এ ব্যাপারে ২০ বছরে পিকেএসএফ কী করতে পেরেছে, তার সার্বিক মূল্যায়নের জন্যই এবারের আয়োজনটি করা হয়েছে। খলীকুজ্জমান আহমদ বলেন, দরিদ্র মানুষের সংখ্যা কমছে না। স্বাধীনতার পরও যা ছিল, এখনো তা-ই আছে। দারিদ্র্যের অবশ্য রকমফেরও রয়েছে। নিরঙ্কুশ দরিদ্র, তুলনামূলক দরিদ্র, ডলার দরিদ্র ইত্যাদি। দরিদ্রদের মধ্যে ৪১ শতাংশের দৈনিক আয় ২২ টাকার কম—ইউএনডিপির এ তথ্য উল্লেখ করে দরিদ্রের সংখ্যা না কমার অন্যতম কারণ হিসেবে জনসংখ্যা বৃদ্ধিকে দায়ী করেন তিনি। খলীকুজ্জমান বলেন, ঋণদাতা, সহযোগী সংস্থা এবং ঋণগ্রহীতা—তিনজনই অংশীদার এবং তিনজনই সমান গুরুত্বপূর্ণ। কাউকে ছোট করে ভাবার সুযোগ নেই। তবে প্রত্যেকের কাজের মধ্যে সমন্বয় দরকার। পিকেএসএফের চেয়ারম্যান আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূর করার জন্য পিকেএসএফ গঠন করা হয়েছে। এ সংস্থাটি উল্লিখিত তিনের মধ্যে সমন্বয় সাধন করছে এবং করে যাবে। তবে দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান অত্যন্ত খারাপ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সমাপনী অনুষ্ঠানে পাঁচটি শ্রেণীতে পাঁচজন সফল ক্ষুদ্রঋণগ্রহীতাকে সম্মাননা দেওয়া হয়। একটি করে ক্রেস্ট ও ৫০ হাজার টাকা করে পান তাঁরা। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন ক্ষুদ্রশিল্পে যশোরের অলকা পাল, অতি দরিদ্র ঋণ কার্যক্রমে আমিনা বেগম, ক্ষুদ্র ব্যবসায় সাভারের নার্গিস বেগম, প্রাণিসম্পদে চুয়াডাঙ্গার সালেহা বেগম এবং শস্য উৎপাদনে সাতক্ষীরার আবদুল হান্নান মোড়ল। এ ছাড়া বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জীবনব্যাপী বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় পিকেএসএফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম সাইদুজ্জামানকে।গত শনিবার থেকে শুরু হওয়া পিকেএসএফের উন্নয়ন মেলা গতকাল শেষ হয়েছে। মেলায় সারা দেশের ৯৩টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ঢাকার প্রতিষ্ঠান ৫০টি। মোট স্টল ১৩০টি। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭০টি প্রতিষ্ঠানই পিকেএসএফের সহযোগী সংস্থা।