দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জনে প্রবৃদ্ধির সুষম বণ্টন জরুরি
দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জনে প্রয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধির সুষম বণ্টন। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির এক মতবিনিময় সভায় গতকাল মঙ্গলবার বক্তারা এই অভিমত দিয়েছেন।
তাঁরা আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে দারিদ্র্য হ্রাস পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। প্রবৃদ্ধি থেকে প্রাপ্ত আয়ের বণ্টন সুষম না হলে ২০২০ সাল নাগাদ অতিদারিদ্র্য ও ২০২৭ সালে দারিদ্র্য নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে ‘ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের দৃষ্টিতে বাজেট ২০১৩-১৪’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ ও অর্থনীতিবিদ এম এম আকাশ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কৃষি অর্থনীতিবিদ মোয়াজ্জেম হোসেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, বিপ্লবী কৃষক সংঘের আবদুস সালাম, সিপিবির হাসান তারিক চৌধুরী প্রমুখ।
আনু মুহাম্মদ বলেন, আয়বৈষম্য কমানোর জন্য সরকারের সামাজিক নিরাপত্তার আওতায় বরাদ্দকৃত অর্থ গ্রামের ধনীরা ভোগ করছে।
এম এম আকাশ বলেন, সাম্প্রতিক সময়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে যে সংকট দেখা গেছে, তা নিরসনে বাজেটে কোনো পরিকল্পনা নেই। এটি প্রকৃতপক্ষে সুশাসনের সমস্যা।