দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জন বর্তমান হারে কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য—এ তিনটি গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতির যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, তা বাস্তবায়ন নিশ্চিত করতে হলে সৃষ্টিশীল ও কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।বর্তমান সরকারের ভিশন-২০২১-এর আওতায় ইতিমধ্যেই বিভিন্ন লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য পথ সঠিক নেই। তবে অগ্রগতি একেবারে অসন্তোষজনক নয়। আবার কাগজে-কলমে অনেক পদক্ষেপ দেখা গেলেও বাস্তবায়নের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারের হাতে এখন তিন বছর সময় আছে।কাজেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সরকারকে অবশ্যই তার কৌশল, নীতি ও বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করতে হবে।বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ বাংলাদেশের অর্থনীতির যে মাসিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় অর্ধেক জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ভিশন-২০২১-এর লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের এ হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার কথা।কিন্তু তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, লক্ষ্যমাত্রায় পৌঁছাতে দারিদ্র্যের হার যেভাবে কমার কথা, ঠিক সেভাবে কমছে না। উন্নয়ন অন্বেষণ এর কারণ হিসেবে উন্নয়নের ধীরগতি, বিনিয়োগে মন্দাভাব, মূল্যস্ফীতি বৃদ্ধি ও কর্মসংস্থানের অভাবকে দায়ী করেছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিগত বছরগুলোয় (১৯৯০-২০০৫) দারিদ্র্যের হার বছরে দশমিক ৭৮ শতাংশ হারে কমলেও লক্ষ্যমাত্রা অর্জনে তা অপ্রতুল।যদি কোনো বিপ্লবাত্মক কর্মসূচি না নেওয়া হয় এবং হ্রাসের বর্তমান হার অব্যাহত থাকে, তাহলে ২০২১ সালের শেষে দেশে দারিদ্র্যের হার কমে ২৭ দশমিক ৯০ শতাংশে দাঁড়াতে পারে।শিক্ষার ওপর আলোকপাত করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের মধ্যে প্রাথমিক স্তরে মোট ভর্তির তালিকা (এনরোলমেন্ট) শতভাগ হওয়ার কথা ছিল। কিন্তু এটা যে হারে বাড়ছে, তাতে এ লক্ষ্যমাত্রা ২০১৩ সালে পূরণ হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।আবার ২০১৪ সালের মধ্যে শতভাগ সাক্ষরতার হার অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার (অ্যাডাল্ট লিটারেসি রেট) যদি শতভাগে পৌঁছানো না যায়, তবে এ লক্ষ্যমাত্রা অর্জন সত্যিকার অর্থেই অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছে উন্নয়ন অন্বেষণ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিগত বছরগুলোয় যে হারে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার বেড়েছে, তা অব্যাহত থাকলে ২০১৪ সালে এ হার বেড়ে ৬৮ দশমিক ৭৩ শতাংশে দাঁড়ানোর কথা।