দারিদ্র্য হ্রাসের হার শ্লথ হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য হ্রাসে বাংলাদেশ অগ্রগতি লাভ করলেও এই হ্রাসের হার এখন নিম্নগতির। যদি গত দুই দশকের দারিদ্র্য হ্রাসের গড় হার বজায় থাকে, তাহলে ২০২১ সালে দেশে দারিদ্র্যের হার দাঁড়াবে ২২ দশমিক ৯০ শতাংশে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ বিশ্ব দারিদ্র্য দিবস উপলক্ষে গতকাল ‘নিম্নগতির হ্রাস: দারিদ্র্য পরিস্থিতি-২০১২’ শিরোনামে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই প্রক্ষেপণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৯১-৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত দারিদ্র্য হ্রাসের বার্ষিক হার ছিল ২ দশমিক ৪৬ শতাংশ। কার্যকরী পদক্ষেপ না নিলে ও হ্রাসের এই ধারা অব্যাহত থাকলে ২০১৩ ও ২০২১ সালে দারিদ্র্যের হার মোট জনসংখ্যার যথাক্রমে ২৯ দশমিক ২০ ও ২২ দশমিক ৯ শতাংশে দাঁড়াতে পারে। এই হার আবার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্যমাত্রার (২০১৩ সালে ২৫ শতাংশ এবং ২০২১ সালে ১৫ শতাংশ) চেয়ে বেশ কম। উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দারিদ্র্য পরিস্থিতি খানাভিত্তিক বিভিন্ন বৈশিষ্ট্যের ওপরও নির্ভর করে। খানার আকার, পরিবারপ্রধানের শিক্ষাগত যোগ্যতা ও সম্পত্তির তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ছোট আকারের পরিবারে দারিদ্র্যের প্রবণতা কম এবং তাদের দারিদ্র্য নিরসনের হারও অপেক্ষাকৃত বড় আকারের খানার চেয়ে বেশি। আবার উচ্চশিক্ষিত পরিবারের মধ্যে দারিদ্র্যের প্রবণতা অপেক্ষাকৃত কম শিক্ষিত পরিবারের তুলনায় কম এবং তাদের (উচ্চশিক্ষিত পরিবার) দারিদ্র্য নিরসনের হারও বেশি। সম্পত্তির বিবেচনায়ও একই ফলাফল পরিলক্ষিত হয়। যাদের ভূমি আছে তাদের দারিদ্র্য নিরসনের প্রবণতা ও দারিদ্র্যতার প্রবণতা ভূমিহীনদের তুলনায় অপেক্ষাকৃত অনেক কম।উন্নয়ন অন্বেষণ বলছে, দারিদ্র্য নিরসনে অগ্রগতি দেখা গেলেও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। যেখানে ১৯৯১-৯২ সালে পাঁচ কোটি ১৬ লাখ জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বাস করত, সেখানে ২০০৫ সালে এই সংখ্যা বছরে গড়ে দশমিক ৩১ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে পাঁচ কোটি ৬০ লাখে দাঁড়ায়। গ্রাম এলাকায় ১৯৯১-৯২ সালে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা চার কোটি ৪৮ লাখ থেকে বার্ষিক গড়ে দশমিক ২৬ শতাংশ হারে কমে গিয়ে ২০০৫ সালে চার কোটি ১২ লাখে দাঁড়ায়। কিন্তু শহর এলাকায় এই সংখ্যা একই সময় ৬৮ লাখ থেকে থেকে বেড়ে এক কোটি ৪৮ লাখে পৌঁছায়। বার্ষিক গড় বৃদ্ধির হার দশমিক ৫৭ শতাংশ।