দারিদ্র্যের প্রকৃত পরিস্থিতি আরও মন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র
বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র

বাংলাদেশে গরিব মানুষ আসলে কত? এই প্রশ্নটি বারবারই ঘুরেফিরে আসে। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশের মোট জনগোষ্ঠীর ২৫ দশমিক ৬ শতাংশ এখন গরিব। অর্থাৎ এটাই দারিদ্র্যের হার। সেই হিসাবে প্রায় পৌনে চার কোটি মানুষ গরিব।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১০ সালের খানা ব্যয় জরিপ অনুসারে ২০১০ সালে দেশে দারিদ্র্যের হার ছিল সাড়ে ৩১ শতাংশ। তার মানে চার কোটি ৬০ লাখ মানুষ তখন গরিব ছিল। কেননা ২০১১ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি।
এটিকে ভিত্তি ধরে চলতি বছর জুন মাসে বিবিএস যে হিসাব প্রকাশ করে, তাতে ২৫ দশমিক ৬ শতাংশ দারিদ্র্যের হারের তথ্যটি পাওয়া গেছে। আর অতি দারিদ্র্য হার এখন ১২ দশমিক ৪ শতাংশ।
দেশের মানুষের আয়-ব্যয়, ভোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ দারিদ্র্য পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করে থাকে বিবিএস। আর সেটা করে থাকে প্রতি পাঁচ বছর অন্তর খানা ব্যয় জরিপের মাধ্যমে। সর্বশেষ খানা জরিপটি হয়েছে ২০১০ সালে। আবার ২০১৫ সালে বিবিএসের পরবর্তী খানা ব্যয় জরিপ অনুষ্ঠিত হবে। তার ভিত্তিতেই দারিদ্র্য পরিস্থিতির সর্বশেষ চিত্র পাওয়া যাবে।
তবে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে দারিদ্র্যের প্রকৃত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আর তা হয়েছে দারিদ্র্য পরিমাপের হিসাব-পদ্ধতির বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ও মানদণ্ডের জন্য।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরে বলেছে, যদি অধিকতর বাস্তবসম্মত মানদণ্ড প্রয়োগ করা হয়, তাহলে এশিয়াজুড়ে গরিব মানুষের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। কেননা, বর্তমান মানদণ্ডে খাদ্য নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থাকছে।
অন্যদিকে দারিদ্র্য পরিস্থিতি নির্ণয়ে বিশ্বব্যাংক বিদ্যমান দারিদ্র্যরেখায় পরিবর্তন আনতে যাচ্ছে৷ প্রস্তাবিত পরিবর্তনটি কার্যকর হলে উন্নয়নশীল বিশ্বের দারিদ্র্য পরিস্থিতির চিত্র অনেকটাই পাল্টে যাবে৷
২০১১ সালের ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বিশ্বব্যাংক ১ দশমিক ২৫ ডলারকে দারিদ্র্যরেখা হিসেবে নির্ধারণ করেছে৷ অর্থাৎ দৈনিক সোয়া ডলারের কম আয় করে এমন মানুষকে মোটা দাগে গরিব হিসেবে চিহ্নিত করা হয়৷ তবে বিশ্বব্যাংক এখন ২০১১ সালের পিপিপির ভিত্তিতেই ১ দশমিক ৭৮ ডলারকে নতুন দারিদ্র্যরেখা হিসেবে বিবেচনা করতে চাইছে৷ নতুন এই দারিদ্র্যরেখা প্রয়োগ করা হলে উন্নয়নশীল দেশগুলোর মোট দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে ৮৭ কোটি ২০ লাখ৷ বিদ্যমান দারিদ্র্যরেখা অনুসারে এসব দেশে গরিব লোকের সংখ্যা ৫৭ কোটি ১০ লাখ৷ আর ২০০৫ সালের মাপকাঠিতে এই দেশগুলোর গরিব লোকের সংখ্যা হওয়ার কথা ১২১ কোটি ৫০ লাখ৷
বিশ্বব্যাংক বলছে, বিনিময় হারের হিসাব নির্ণয়ের বিচ্যুতি সংশোধন করে নতুন দারিদ্র্যরেখা নির্ধারণ করা হয়েছে৷ ফলে ২০০৫ সালের বদলে ২০১১ সালের সোয়া ডলারের মাপকাঠিতে যে গলদ ছিল, এবার তা কমিয়ে আনা সম্ভব হবে৷ কিন্তু এটি আবার জটিলতা বাড়িয়ে দিতে পারে বলেও মনে করছেন সমালোচকেরা৷