দেশে গরিব মানুষের অংশ পাঁচ বছর আগের তুলনায় কমে এলেও আর্থসামাজিক বৈষম্য ও উচ্চ মূল্যস্ফীতির চাপ সার্বিক দারিদ্র্য পরিস্থিতিকে যন্ত্রণাময় করে তুলেছে। এর ফলে দারিদ্র্যের হার কমে আসার সুফল সেভাবে মিলছে না।সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে (২০১০ সালের হিসাব) গরিব মানুষের অংশ সাড়ে ৩১ শতাংশ। পাঁচ বছর আগে (২০০৫) এই হার ছিল ৪০ শতাংশ। কিন্তু গত এক বছরে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকায় এই সময়কালে সীমিত আয়ের মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে প্রায় ১২ শতাংশ, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে, খাদ্য মূল্যস্ফীতি অধিকহারে বেড়ে চলেছে।আবার পাঁচ বছর আগের সঙ্গে তুলনা করলে দেশে আয়-বৈষম্য পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বা বৈষম্য কার্যত কমেনি। খানা আয়-ব্যয় জরিপের (এইচআইইএস-২০১০) উপাত্তানুসারে, পাঁচ বছরে আয়-বৈষম্যের নির্দেশক জিনি-সহগ ২০০৫ সালের দশমিক ৪৬৭ থেকে সামান্য কমে হয়েছে দশমিক ৪৫৮। জিনি-সহগ শূন্য থেকে ১, এই পরিসীমার মধ্যে নির্ণীত হয়। সহগটি যত ১ থেকে শূন্যের দিকে যায়, তাতে আয়-বৈষম্য কমছে বলে ধরে নেওয়া হয়।তবে আরেকটু দীর্ঘ সময়ের প্রেক্ষিতে অর্থাৎ ১০ বছরের প্রেক্ষিতে দেখলে বলতে হয় যে বৈষম্য বেড়েছে। কেননা, ২০০০ সালে জিনি সহগ ছিল দশমিক ৪৫১।ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক সাজ্জাদ জহির মনে করেন, বৈষম্য বেড়ে যাওয়ার বিষয়টি পরিসংখ্যানে সঠিকভাবে প্রতিফলিত না হলেও বিভিন্নভাবেই তা ফুটে উঠছে। তিনি ব্যাখ্যা করে বলেন, শহরের উন্নতি গ্রামের গরিব মানুষকে শহরে টেনে আনছে। কিন্তু শহরবাসী হয়ে গ্রামের মানুষের আয়-উপার্জন সেই পরিমাণে বাড়ছে না, যা তাকে সত্যিকারের স্বস্তি দিতে পারে। বরং তাদের বেশির ভাগেরই জীবনযাত্রার মান নিম্ন পর্যায়ে রয়ে যাচ্ছে।সাজ্জাদ জহির আরও বলেন, সামগ্রিকভাবে আর্থসামাজিক ক্ষেত্রে ভারসাম্যহীনতা বাড়ছে। উচ্চ মূল্যস্ফীতি একভাবে সম্পদ স্থানান্তর ঘটাচ্ছে। পুঁজিবাজারের মাধ্যমে সম্পদ স্থানান্তর ঘটছে। এর ফলে বাড়ছে সংঘাত, যা দারিদ্র্য বিমোচনকে আরও কঠিন করে তুলেছে। সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার মধ্যে এর প্রতিফলন ঘটছে।বিশ্বজুড়ে দারিদ্র্য পরিস্থিতির অগ্রগতি এখন নির্ভরশীল হয়ে পড়েছে খাদ্যমূল্যের ওপর। জুলাই মাসে জাতিসংঘ জানিয়েছিল, বৈশ্বিক দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে কমছে। আর তাই ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (এমডিজি) অর্জনে দারিদ্র্যের হার ২৩ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়েও অনেক নিচে, এমনকি ১৫ শতাংশের নিচে নেমে যেতে পারে বলে জাতিসংঘ আশাবাদ ব্যক্ত করে।কিন্তু বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে যাওয়াসহ ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় দারিদ্র্যের হার হ্রাসের সাফল্য ম্লান হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এ রকম একটা পরিস্থিতিতেই আজ বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস ২০১১’। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দারিদ্র্য মুক্তির জন্য একযোগে কাজ। জাতিসংঘের আহ্বানে ১৯৯৩ সাল থেকে এই দিবস পালন করা হচ্ছে। উন্নয়ন অন্বেষণের পর্যালোচনা: দেশের বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ দারিদ্র্য ও বৈষম্য পরিস্থিতি নিয়ে গতকাল তাদের একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ২০১৩ সালের মধ্যে দারিদ্র্যের হার মোট জনসংখ্যার শতকরা ২৫ শতাংশে এবং ২০২১ সালের মধ্যে ১৫ শতাংশে নামিয়ে আনার অঙ্গীকার করা হয়েছে।উন্নয়ন অন্বেষণ বলছে, গত প্রায় দুই দশকের (১৯৯১-৯২ থেকে ২০১০ পর্যন্ত) দারিদ্র্য হ্রাসের বার্ষিক গড় হার ১ দশমিক ৩২ শতাংশ। আর দেশের দারিদ্র্য হ্রাসের বর্তমান হার অব্যাহত থাকলে উক্ত দুই সময়সীমার মধ্যে দারিদ্র্যের হার কমে ২৭ দশমিক ৫০ শতাংশ (২০১৩) ও ১৭ শতাংশে (২০২১) দাঁড়াতে পারে, যা সরকারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশ কম। উন্নয়ন অন্বেষণ মনে করে, দারিদ্র্যের হার বাড়বে কি কমবে, তা সামাজিক প্রবণতা ও কাঠামোর ওপর বহুলাংশে নির্ভর করে। বর্তমানে প্রচলিত দারিদ্র্য নিরসন কর্মসূচি নয়া উদারবাদী তাত্ত্বিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত। আর তাই এই কাঠামোর আওতায় দারিদ্র্য একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কমানো গেলেও কাঠামোগত কারণেই তা আবার বেড়ে যায়।প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি (বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি) বৃদ্ধি পেলে নতুন করে কিছু লোক দারিদ্র্য সীমার নিচে চলে যায়। আর তাই বর্তমানের উচ্চ মূল্যস্ফীতি দারিদ্র্য পরিস্থিতির ওপর চাপ তৈরি করবে। কেননা, সাধারণ মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি এবং উচ্চ খাদ্যব্যয় দারিদ্র্য ও অসমতা বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।মানুষ দারিদ্র্য সীমার কতটা কাছাকাছি, তা দারিদ্র্যের গভীরতা দ্বারা পরিমাপ করা হয় আর দারিদ্র্যের ব্যাপকতা মানুষের ভোগের বণ্টন নির্দেশ করে। এ কথা উল্লেখ করে উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে (২০০৫-২০১০) দারিদ্র্যের গভীরতা কমার হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ, যেখানে ২০০০-২০০৫ সময়কালে এই হার ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। একইভাবে গত পাঁচ বছরে, দারিদ্র্যের ব্যাপকতা হ্রাসের হার ছিল ৬ দশমিক ২৬ শতাংশ, যেখানে ২০০০-২০০৫ সময়কালে এই হার ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ।উন্নয়ন অন্বেষণ বলছে, এভাবে তুলনায় দারিদ্র্যের গভীরতা এবং ব্যাপকতা হ্রাসের হার কম হওয়ায় এটাই বোঝা যায়, বর্তমানে অসমতা বৃদ্ধি পাচ্ছে।