>

বছরে সবচেয়ে বেশি চামড়া পাওয়া যায় কোরবানির ঈদের সময়। অথচ প্রতিবারই চামড়ার দাম নিয়ে চলে পাল্টাপাল্টি অভিযোগ। পাড়ায় পাড়ায় দেখা যায় নানা ধরনের চামড়া ব্যবসায়ীদের। বেড়ে যায় মৌসুমি ব্যবসায়ীদের দৌরাত্ম্য। অসন্তোষ তৈরি হয় দরদাম নিয়ে। এসব নিয়েই প্রথমআলোর সঙ্গে কথা বলেছেন চামড়া খাতের দুই ব্যবসায়ী নেতা
প্রথম আলো: কোরবানির পশুর দাম নির্ধারণ করা না-করা নিয়ে প্রতিবছরই কেন গোলমাল বাধে?
আবু তাহের: মুক্তবাজার অর্থনীতিতে চামড়ার দাম নির্ধারণ করা যৌক্তিক না। কারণ বেঁধে দেওয়া দাম শেষ পর্যন্ত আর থাকে না। এর চেয়ে বেশি দামে চামড়া কিনে ফেলে। কেউ যদি বেশি দামে চামড়া কেনে, তাহলে তো তার পকেট থেকেই যাবে। যারা চামড়া কিনবে তাদের তো এ খাতের সঙ্গে যুক্ত থাকতে হবে। এলাকার রিকশাওয়ালাও কোরবানিতে চামড়া কেনা শুরু করে। সে তো আর জানে না কোন দামে চামড়াটা কিনতে হবে। তবে এ বছর আমরা চামড়ার দাম ঠিক করে দেব। বিশ্ববাজারে চামড়ার দাম যত শতাংশ কমেছে, গত বছরের চেয়ে তত শতাংশ কমিয়ে দাম নির্ধারণ করা হবে। আমাদের ট্যানারিগুলোতে এখনো গত বছরের ৫০ শতাংশ চামড়া মজুত পড়ে আছে। বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার এখন খুবই খারাপ। কিছুদিন আগে চীন ও ইতালিতে দুটি মেলা হয়েছে। তাতে তেমন সাড়া পাওয়া যায়নি।
প্রথম আলো: চামড়া নিয়ে যে জটিলতা হয়, তাতে মৌসুমি ব্যবসায়ীদের দায় কতটুকু?
আবু তাহের: দায়টা পুরোপুরিই মৌসুমি ব্যবসায়ীদের। সমস্যার সৃষ্টি হয় ওদের কারণেই। কোরবানির চামড়াটা গরিবের হক। এই হকের জিনিস নিয়ে তারা ঝামেলা করে। মানুষকে ঠকিয়ে কম দামে তারা চামড়া কেনে, কিন্তু আমাদের কাছে বেশি দামে বিক্রি করে। এটাকে লাইনে আনা দরকার।
প্রথম আলো: প্রতিবছরই কোরবানির পর চামড়া নিয়ে ট্যানারি মালিক ও আড়তদারেরা মুখোমুখি অবস্থানে থাকেন। কেন বারবার এমনটা হয়? এ থেকে উত্তরণের উপায় কী?
আবু তাহের: আশা করি, এবার আর এমনটা হবে না। আন্তর্জাতিক বাজারের অবস্থা ভালো না। তাই কেউই বেশি দামে চামড়া কিনবে না। ঝামেলাও হবে না। সম্প্রতি আমরা চামড়ার আড়তদারদের সঙ্গে বৈঠক করেছি। তাঁরা বলেছেন, ট্যানারির মালিকেরা ব্যাপারীদের কাছ থেকে চামড়া না কিনে তঁাদের কাছ থেকে কিনলে কম দামে কিনতে পারবেন।
প্রথম আলো: সাভারে ট্যানারি শিল্পনগরে হাজারীবাগের ট্যানারি স্থানান্তরে কতটুকু অগ্রগতি হলো?
আবু তাহের: চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। তবে আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। আমাদের বেশির ভাগ ট্যানারির মূল ভবনের ভিত্তির কাজ হয়ে গেছে। অনেক ট্যানারির ভবনই দাঁড়িয়ে গেছে। দ্রুততম সময়ের মধ্যে হাজারীবাগ থেকে সব ট্যানারি সেখানে স্থানান্তর হয়ে যাবে। কিন্তু এ ক্ষেত্রে আমরা কোনো আর্থিক সহায়তা পেলাম না। হাজারীবাগ থেকে সাভারে সব ট্যানারি স্থানান্তর করতে আমাদের সাড়ে তিন হাজার কোটি আর যন্ত্রপাতির জন্য দুই হাজার কোটি মোট সাড়ে পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন। অথচ, সরকার আমাদের ক্ষতিপূরণ দিচ্ছে মাত্র ২৫০ কোটি টাকা। এটা দিয়ে কিছুই হবে না।
প্রথম আলো: দেশে পাদুকাশিল্প তো দ্রুত বাড়ছে।
আবু তাহের: বিশ্বে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার হলো ২৪ হাজার কোটি ডলারের। এর মধ্যে ৩০ শতাংশ হলো সম্পূর্ণ চামড়াজাত পণ্যের। বাকিটা নন-লেদার (দেখতে মনে হবে চামড়ার, আসলে চামড়ার না) পণ্য। আমার কারখানায় যে জুতা তৈরি করছি, তা দেখে মানুষ বলতেই পারবে না যে এটা চামড়ার না। দেশে পাদুকাশিল্পের অবস্থা ভালো। এই শিল্প বেশ সম্ভাবনাময়। বহু প্রতিষ্ঠানই এখন তাদের শোরুম বাড়াচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি লক্ষ রেখে এখন পাদুকা তৈরি হচ্ছে। আর চীন এই খাত থেকে চলে যাওয়ায় বিশ্ববাজারের একটি বড় অংশ দখল করতে পারেন বাংলাদেশের রপ্তানিকারকেরা।
প্রথম আলো: চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের জন্য সরকারের কী সহায়তা চান?
আবু তাহের: আমরা দয়া চাই না, সহায়তা চাই। বহুদিন ধরেই বলে আসছি আমাদের সহজ শর্তে ঋণ (সফট লোন) দরকার। আমাদের ৫ শতাংশ সুদে ১৫-২০ বছরের জন্য দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হোক। শুধু সরকারি সহায়তা পেলেই হবে না, ব্যাংকের সহায়তাও দরকার। আমরা কিছুদিন আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে চামড়াশিল্পের জন্য নগদ সহায়তা দিতে বলেছি। চামড়াজাত পণ্যে যে সুবিধা দেন, একই সুবিধা নন-লেদার পণ্যেও দেন। তাহলে চামড়াজাত পণ্য তৈরি পোশাকের মতো শিল্প খাত হিসেবে গড়ে উঠবে।
সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত