দায়সারা প্রাক্-বাজেট আলোচনা!
প্রতিবছর বাজেট ঘোষণার কয়েক মাস আগে থেকেই বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, অর্থনীতিবিদ, ব্যাংকার, বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা হয়। বাজেটের রাজস্ব অংশ প্রণয়নের মূল দায়িত্বে থাকা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূলত এসব প্রাক্-বাজেট আলোচনার আয়োজন করে থাকে। অর্থমন্ত্রী নিজেও পৃথকভাবে একাধিক আলোচনা করেন। এসব প্রাক্-বাজেট আলোচনায় শত শত মতামত আসে, সুপারিশ থাকে। এনবিআরের পক্ষ থেকে খাতওয়ারি প্রতিনিধিদের বিভিন্ন যুক্তিতর্ক মেনেও নেওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়া হয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিবেচনার। কিন্তু বাজেট ঘোষণার পর দেখা যায়, প্রায় সব দাবিই উপেক্ষিত। খাতওয়ারি ব্যবসায়ীদের কাছ থেকে একটি লিখিত সুপারিশমালা গ্রহণ ও আর কিছুটা সময় আলোচনা করেই প্রাক্-বাজেট আলোচনার আনুষ্ঠানিকতা শেষ করে এনবিআর। আবার বিভিন্ন চেম্বার ও সমিতির কাছ থেকে মতামত বা বাজেট প্রস্তাব নেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। প্রতিবছর প্রায় আড়াই শ চেম্বার ও সমিতি তাদের বাজেট প্রস্তাব এফবিসিসিআইয়ে পাঠায়। এসব চেম্বার ও সমিতির কাছ থেকে এক হাজারের বেশি প্রস্তাব আসে। এসব প্রস্তাব যাচাই-বাছাইয়ের জন্য এফবিসিসিআই ও এনবিআরের কর্মকর্তাদের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স রয়েছে। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে প্রতিবছর টাস্কফোর্স কাজ শুরু করে। এসব বৈঠকে চেম্বার ও সমিতির প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে এনবিআর ও এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে পরামর্শক সভায় উত্থাপন করা হয়। কিন্তু সেই সুপারিশমালায় ৬০ থেকে ৭০ শতাংশ প্রস্তাব বাদ পড়ে যায়। বঞ্চিত হয় ছোট ছোট ব্যবসায়ী সমিতির দাবি। খোঁজ নিয়ে জানা গেছে, এনবিআরের প্রাক্-বাজেট আলোচনা কিংবা টাস্কফোর্সের বৈঠকের কোনো মতামত বা সুপারিশ ও যুক্তিতর্ক আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হয় না। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তা বিবেচনা করার সুযোগ থাকে না। প্রসঙ্গত, সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে খাতওয়ারি প্রাক্-বাজেট আলোচনা শুরু হয়। বাজেটকে অংশগ্রহণমূলক করার উদ্দেশ্যেই এই প্রাক্-বাজেট আলোচনার উদ্যোগ নিয়েছিল তৎকালীন সরকার। বছরের পর বছর এভাবে সুপারিশগুলো উপেক্ষিত হওয়ায় এবার খোদ এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এসব প্রাক্-বাজেট আলোচনার মতামত ও সুপারিশ বৈঠকের কার্যপত্রে লিপিবদ্ধ করার দাবি করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ চলতি অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় ২২টি খাতের ব্যবসায়ীরা অংশ নেন। এসব সভায় কয়েক শ প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বাজেটে ১০-১২টি প্রস্তাব পূর্ণাঙ্গ বা আংশিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার আজ ২ এপ্রিল থেকে এনবিআরের খাতওয়ারি প্রাক্-বাজেট আলোচনা শুরু হচ্ছে। অর্থমন্ত্রী ইতিমধ্যে তাঁর বাজেট আলোচনা শুরু করে দিয়েছেন। এ প্রসঙ্গে এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘টাস্কফোর্স কিংবা এনবিআরের প্রাক্-বাজেট আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলোর মধ্যে ৮০ শতাংশই নীতিগতভাবে সমর্থন করেন এনবিআরের কর্মকর্তারা। কিন্তু রাজনৈতিক বিবেচনায়, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ সভায় বাজেটসংক্রান্ত সিদ্ধান্ত হয়। তাই বঞ্চিত হয় ছোট ব্যবসায়ীরা।’ মনজুর আহমেদের মতে, আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলো লিপিবদ্ধ করে ওপরের মহলে পাঠানো হলে অন্তত ছোট ব্যবসায়ীদের দাবিদাওয়া সম্পর্কে নীতিনির্ধারকেরা জানতে পারবেন। এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে প্রাক্-বাজেট আলোচনার মতামত উপেক্ষা করে নীতি করে ফেলা হচ্ছে। মনে হয়, ‘ওপরের’ নির্দেশনায় বাজেট প্রণীত হয়। এদিকে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, বাজেটের যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জাতীয় সংসদ। আর এফবিসিসিআই ও এনবিআরের যৌথ টাস্কফোর্সের মাধ্যমে যেসব সুপারিশ আসে, তা চূড়ান্ত নয়। এসব সুপারিশ মন্ত্রিপরিষদ সভায়ও আলোচনা হয়। তিনি মনে করেন, প্রাক্-বাজেট বা টাস্কফোর্সের পরামর্শ থাকলেই তা বাস্তবায়ন করতে হবে, তা নয়। টাস্কফোর্স যা বলবে, তা সঠিক না-ও হতে পারে। পরে প্রথম আলোর পক্ষ থেকে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে এনবিআরের চেয়ারম্যান সভায় উপস্থাপিত বক্তব্যই তাঁর মতামত বলে জানান। এনবিআরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, টাস্কফোর্সের বৈঠকে সুপারিশগুলো কার্যপত্রে লিপিবদ্ধ থাকা উচিত। এটা গোপন রাখা ঠিক নয়। তাঁরা আরও জানান, আশির দশকে তাঁরা টাস্কফোর্সের সভায় অনেক বেশি প্রস্তুতি নিয়ে যেতেন। ব্যবসায়ীদের পক্ষ থেকেও দক্ষ প্রতিনিধি থাকতেন। ফলে অনেক বেশি তথ্যনির্ভর আলোচনা ও বিতর্ক হতো। এখন ব্যবসায়ীরাও তেমন প্রস্তুতি নেন না। একাধিক ব্যবসায়ী অবশ্য বলেন, এনবিআরের সঙ্গে দাবিদাওয়ার সিংহভাগই কর-শুল্ক কমানোর বা ছাড়ের। এগুলোর পক্ষে সব সময় যথেষ্ট যুক্তিও থাকে না। তাই শেষ পর্যন্ত আলোচনা এ রকম দায়সারা হয়ে যায়।