দায়িত্ব গ্রহণ করল বিজিএমইএর নতুন নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পকে ঝুঁকিমুক্ত ও কর্মপরিবেশ উপযোগী নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন নেতৃত্ব। তাঁরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার বিকেলে এসব কথা বলেন বিজিএমইএর নতুন সভাপতি মো. আতিকুল ইসলাম।আতিকুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন প্যানেলের হয়ে নির্বাচন করেছি। কিন্তু তারপর আবার সবাই এক হয়ে গেছি। এখন আমরা একটি দল। বিজিএমইএকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে এখন আমরা কাজ করব।’ তিনি গ্যাস-বিদ্যুৎ সংযোগের জন্য পোশাক মালিকদের কোটা, সুদের হার কামানো, শ্রমিকদের তথ্যভান্ডার তৈরি, পোশাকশিল্প নগর শিগগিরই বাস্তবায়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।বিদায়ী সভাপতি সফিউল ইসলাম নতুন সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেন। একই সঙ্গে দায়িত্ব নেন চার সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, এস এম মান্নান, শহীদুল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ। এর আগে বিজিএমইএ ভবনের নূরুল কাদির মিলনায়তনে বিদায়ী সভাপতি সফিউল ইসলামের সভাপতিত্বে সমিতির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, সিদ্দিকুর রহমান ও বেশ কয়েকজন পরিচালক।সফিউল ইসলাম বিদেশে লোক পাঠানোতে সরকারের সমালোচনা করে বলেন, শ্রমিকেরা বিদেশে যাবেন, নাকি দেশে কাজ করবেন, সেটি ‘স্টাডি’ (গবেষণা) হওয়া দরকার। পোশাক খাতে এখনো ২৫ শতাংশ শ্রমিকের পদ শূন্য আছে।