দায়িত্বশীল ব্যবসা করুন, ন্যায্যমূল্য দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক খাতে​ নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকারের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানসহ অন্যরা l প্রথম আলো
পোশাক খাতে​ নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকারের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানসহ অন্যরা l প্রথম আলো

বিদেশি ক্রেতাদের দায়িত্বশীল ব্যবসা করতে অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে পোশাক ক্রয়ে ক্রেতাদের ন্যায্যমূল্য দিতে ও সমন্বিত নীতিমালা করতে উদ্যোগ নেওয়ার কথা বলেছে তারা।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত এক প্রেস ি্ব্রফিংয়ে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফারুক হাসান ও মোহাম্মদ নাছির, বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদ প্রমুখ।
রানা প্লাজা ধসের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে ২০১৩ সালের জুলাইয়ে ইইউ কমিশন, বাংলাদেশ সরকার, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মধ্যে ‘সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট’ চুক্তি হয়। বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রম অধিকারের প্রতি সম্মান, ভবন ও পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা এবং দায়িত্বশীল ব্যবসা পরিচালনা—এ তিনটি বিষয় নিশ্চিত করাই ওই চুক্তির মূল উদ্দেশ্য।
বিজিএমইএ সূত্র জানায়, সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের দ্বিতীয় মূল্যায়ন বৈঠক কাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এই বৈঠকের আগে শ্রম অধিকার ও কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসব তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি বলেন, ‘কমপ্যাক্টের তিনটি স্তম্ভের মধ্যে দায়িত্বশীল ব্যবসা পরিচালনা অন্যতম। পোশাক রপ্তানির বড় দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইইউতে আমাদের পণ্যের দরপতন অব্যাহত আছে। অন্যদিকে কারখানা সংস্কার, মজুরিসহ অন্যান্য খাতে ব্যয় বেড়েছে। কারখানা সংস্কারে প্রতিটি কারখানাকে গড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর জন্য এ ব্যয় বহন করা কষ্টসাধ্য। তাই ক্রেতাদের কাছে একান্ত অনুরোধ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অংশ হিসেবে এ দেশের শিল্পকে টেকসই করার জন্য দায়িত্বশীল ব্যবসা পরিচালনা করুন। আমাদের ন্যায্যমূল্য দিন। সমন্বিত নীতিমালার বিষয়ে উদ্যোগ নিন।’
সমন্বিত নীতিমালার বিষয়টি ব্যাখ্যা করে সিদ্দিকুর রহমান বলেন, ‘১০টি ক্রেতা প্রতিষ্ঠানের কাজ করলে ১০ রকমের শর্ত মানতে হয়। কিন্তু ক্রেতাদের দুই অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারখানা পরিদর্শনের ও মালিকদের সংস্কারকাজ এবং বিভিন্ন উদ্যোগের ফলে আমরা একটি মানে পৌঁছে গেছি। নতুন যাঁরা ব্যবসায় আসছেন, তাঁরাও মানসম্মত পোশাক কারখানাই নির্মাণ করছেন। তাই আমাদের দাবি, সব কারখানার একটি প্রধান বা বড় ক্রেতা থাকে। তারা যখন কারখানার নিরীক্ষা করে, সেটি যেন অন্য ক্রেতারা মেনে নেয়। সে জন্য একটি মানসম্মত নীতিমালা থাকা দরকার।’
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরে বলেন, অ্যাকর্ড, অ্যালায়েন্স, জাতীয় কর্মপরিকল্পনার অধীনে ৩ হাজার ৬৬০ কারখানা পরিদর্শন শেষ হয়েছে। প্রয়োজনীয় সংস্কারকাজ করছেন মালিকেরা। ২০১৩ থেকে এখন পর্যন্ত ৩৩৭টি ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে। গত সেপ্টেম্বরে শ্রম বিধিমালা হয়েছে। সে অনুযায়ী প্রতিটি রপ্তানি আদেশের বিপরীতে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ শ্রমিককল্যাণ তহবিলে দিতে ও প্রতিটি কারখানায় নিরাপত্তা কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে।
বিজিএমইএ সভাপতি আরও জানান, বিজিএমইএর অগ্নিনিরাপত্তা সেল এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৬৮ শ্রমিক ও কর্মচারীকে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া ক্র্যাশ কর্মসূচির আওতায় কারখানার মধ্যম সারির ২০ হাজার ১৮৮ জন কর্মকর্তাকে অগ্নিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অগ্নিনিরাপত্তা সেলে আছেন ৩৫ জন প্রশিক্ষক। এ ছাড়া আইএলওর সহায়তায় বিজিএমইএ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক একটি কর্মসূচির আওতায় আট লাখ শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।