দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কল্যাণ অংশীদারি তহবিলের ২৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ চার সপ্তাহ আগে তদন্ত কমিটি কোম্পানির ট্রাস্টিকে দায়ী করে প্রতিবেদন দাখিল করে।
দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ট্রাস্টি ভেঙে নতুন ট্রাস্টি গঠনের দাবি করে ‘যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’ নামে প্রচারপত্র বিলি করা হচ্ছে। প্রথম আলোর কাছে এ রকম একটি প্রচারপত্র আসে।
যমুনা অয়েল কোম্পানি সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস বিপণনের চারটি কোম্পানিসহ একাধিক কোম্পানির শেয়ার কেনা হয় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কল্যাণ অংশীদারি তহবিলের টাকা দিয়ে। গত বছরের জুন মাসে শেয়ার কেনার পর দাম অনেক কমে যায়। এই বিনিয়োগের এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গত ৫ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
গত ১১ ফেব্রুয়ারি তদন্ত কমিটি ট্রাস্টিকে দায়ী করে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস থেকে বিও হিসাবের লেনদেনের তথ্য সংগ্রহ করে তদন্ত কমিটি। এতে গত ৩১ জানুয়ারি পর্যন্ত যমুনা অয়েলের কল্যাণ তহবিলের চার কোটি টাকার বেশি ক্ষতি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কোম্পানির কল্যাণ তহবিলের টাকা দিয়ে শেয়ার কেনাও সমীচীন হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যমুনা অয়েল কোম্পানি ট্রাস্টির প্রধান কোম্পানির উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) হাবিবুল মুহিত। অন্য তিন সদস্য হলেন কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী কাজী মো. ফিরোজ উদ্দিন ও সহকারী মো. সেকান্দর। তদন্ত কমিটি চারজনকেই দায়ী করেছেন। তবে কোম্পানির উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) হাবিবুল মুহিত মনে করেন, শেয়ারবাজারে বিনিয়োগ করে তিনি অপরাধ করেননি।
দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব ও সরকারের উপসচিব নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে কেউ দোষী সাব্যস্ত হলে তা যমুনা অয়েল কোম্পানির বোর্ড সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। বোর্ড সভায় দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ
বিষয়টি বোর্ড সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে কি না আমার জানা নেই।’
এক প্রশ্নের জবাবে নুরুল আমিন বলেন, যমুনা অয়েল কোম্পানি প্রতিবেদনের আলোকে কোনো ব্যবস্থা না নিলে মন্ত্রণালয় ও বিপিসি ব্যবস্থা নেবে।