দায়ী ব্যবসায়ী, ব্যাংকারদের শাস্তি চায় এফবিসিসিআই
দুর্নীতিপরায়ণ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে কিছু অসাধু ব্যবসায়ীর ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত এসব অসাধু ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।এফবিসিসিআই বলছে, ব্যাংকিং খাতের শৃঙ্খলা নষ্ট করছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। কিছু অসাধু ব্যবসায়ীর এসব অনৈতিক ও অসাধু কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না তারা। এফবিসিসিআই থেকে গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এফবিসিসিআই হলমার্ক গ্রুপের নামে সোনালী ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে ঋণ নেওয়া ও দেওয়ার সঙ্গে জড়িত তথাকথিত ব্যবসায়ী-শিল্পপতি, সংশ্লিষ্ট ব্যাংকারসহ সবার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে এফবিসিসিআই সমর্থন জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কোনো বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসায়ী নামধারীদের অর্থ আত্মসাতের মতো আর্থিক অনিয়ম ও অব্যস্থাপনা কখনোই কাম্য হতে পারে না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে প্রকৃত শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঋণ না পাওয়ার আশঙ্কা থেকে যায়। এতে সার্বিক উৎপাদন-ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।এফবিসিসিআই বলছে, দেশের বৃহত্তর ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্যাংকিং ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় গুণগত পরিবর্তন প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অসাধু কর্মকাণ্ড রোধ করতে সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেওয়ার আহ্বান জানায় এফবিসিসিআই।