দিন শেষে দুই বাজারে সূচক বাড়ল
দেশের পুঁজিবাজারে আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এর ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন গতকালের চেয়ে কমেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ লেনদেন শুরুর পৌনে এক ঘণ্টার মাথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১০০ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে এরপর থেকে সূচক নিম্নমুখী হয়। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণের সময়সীমা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে বাড়ানো হচ্ছে, এমন একটি গুজব বাজারে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। যার ফলে বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তবে এটি নিছকই গুজব হওয়ায় দিন শেষে সূচক বড় পতনের হাত থেকে রক্ষা পেয়ে সামান্য বৃদ্ধির মধ্যে লেনদেন শেষ হয়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১২.৫৮ পয়েন্ট বেড়ে ৫,২২৬.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা পৌনে ১২টার দিকে সূচক ১০১ পয়েন্ট বেড়েছিল। এর পর থেকে সূচকের তীর নিম্নমুখী হয়ে একপর্যায়ে এক পয়েন্ট কমে যায়। তবে শেষ পর্যন্ত সূচক বৃদ্ধির প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টির দাম বেড়েছে, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ৮৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৮ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো—গ্রামীণফোন, বেক্সিমকো, এমআই সিমেন্ট, কেয়া কসমেটিকস, যমুনা অয়েল, সামিট পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কাবাংলা ফিন্যান্স ও কেপিসিএল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৭.১৫ পয়েন্ট বেড়ে ১৫,২৮৪.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দাম বেড়েছে, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম।